ভবন নির্মাণ করছেন মেয়রের আত্মীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া পৌরসভার নতুন ভবনসংলগ্ন সরকারি জমি দখল করে তিন ব্যক্তির বিরুদ্ধে তিনটি ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারি কর্মকর্তারা এই স্থাপনাকে অবৈধ বললেও তা উচ্ছেদে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেননি।
যাঁরা ভবন নির্মাণ করছেন তাঁরা হলেন মোজাফফর হোসেন, লিটন ফকির ও আমিনুল ইসলাম। এঁর মধ্যে মোজাফফর হোসেন পৌরসভার বর্তমান মেয়র ইমদাদুল হকের ভায়রা। আর লিটন ফকির ও আমিনুল ইসলাম নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের অনুসারী।
অবশ্য মোজাফফর হোসেন দাবি করেছেন, ২০০৩ সালে সাবেক মেয়র (বর্তমান সাংসদ) কবিরুল হকের কাছ থেকে ৯৯ বছরের বন্দোবস্ত নেওয়া জমির ওপর বাড়ি নির্মাণ করছেন। অবৈধভাবে বাড়ি নির্মাণ করা হচ্ছে না। কেউ বন্দোবস্তের কাগজপত্র দেখতে চাইলে পরে দেখানো হবে বলে তিনি জানান। তবে লিটন ও আমিনুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পৌরসভার মেয়র ইমদাদুল হক বলেন, ‘আমার আমলে কাউকে জমি বন্দোবস্ত দেওয়া হয়নি। তবে আমার জানামতে, মোজাফফর হোসেন তাঁর রেকর্ডীয় জমির ওপর বাড়ি নির্মাণ করছেন। পাশে অন্য দুজন কীভাবে বাড়ি করছেন তা জানা নেই।’
পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘পৌরসভার চাঁদপুর মৌজার ৭৬, ৭৭, ৮৫, ৮৭ ও ৯৯ দাগে প্রায় দুই একর সম্পত্তি রয়েছে। নবগঙ্গা নদী শিকস্তি ওই জমি খাস খতিয়ানভুক্ত। মোজাফফর হোসেন সরকারি জমি ৯৯ বছরের বন্দোবস্ত নিয়েছেন, এ কথা ঠিক নয়। দপ্তরে এ ধরনের কোনো কাগজপত্রও নেই। অন্যরা কীভাবে ওই জমির ওপর পাকা বাড়ি নির্মাণ করছেন তা জানি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন হোসেন বলেন, ‘নদী শিকস্তি জমি দখল করে যদি কেউ স্থাপনা নির্মাণ করে তা অবৈধ। শুনেছি পৌরসভার নতুন ভবনসংলগ্ন সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পৌর ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
গত ২৫ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, কালিয়া পৌরসভার নতুন ভবনসংলগ্ন এলাকায় কালিয়া-বড়দিয়া সড়কের পশ্চিম পাশে তিনটি প্লটে পৃথক তিনটি ভবন নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে আরসিসি পিলার নির্মাণ ও মাটি ভরাটের কাজ অনেক দূর এগিয়ে গেছে।
মোজাফফর হোসেনের প্লটে নির্মাণকাজে নিয়োজিত মিস্ত্রি ইমদাদুল জানান, পাঁচতলা ভবন নির্মাণের ভিত দেওয়া হয়েছে। ৮০ ফুট লম্বা এবং ৫০ ফুট চওড়া জায়গায় প্রায় এক মাস ধরে কাজ চলছে। পিলার নির্মাণের পাশাপাশি ভিটেমাটি ভরাট কাজও চলছে। পাশেই প্রায় সমপরিমাণের দুটি প্লটে আরও দুজনের বাড়ি নির্মাণে একই ধরনের কাজ চলছে।
এ ব্যাপারে সাবেক মেয়র এনামুল হক বলেন, নদী শিকস্তি এই দুই একর জায়গায় কালিয়া পুরান বাজার ও একটি ভাগাড় ছিল। বাজারটি স্থানান্তরিত হলে ১৯৮৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মেয়র থাকাকালে ১০ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাট করে সেখানে বেশ কিছু গাছ লাগানো হয় এবং একটি ঈদগাহ নির্মাণ করা হয়। সেই গাছ কেটে পৌরসভার নতুন ভবন নির্মাণ করা হয়।