ভবন নির্মাণ শেষ হওয়ার দুই বছরেও চালু হলো না
সিলেটের বালাগঞ্জ উপজেলার দয়ামীরে ভবন নির্মাণের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর চালু হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাদুঘরে প্রদর্শন করার মতো জেনারেল ওসমানীর স্মৃৃতি নিদর্শনসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি না পাওয়ায় এটি চালু করা যাচ্ছে না।সম্প্রতি দয়ামীরে গিয়ে জাদুঘরের জন্য তৈরি করা ভবনের দরজা বন্ধ পাওয়া যায়, তবে ভবনের জানালা খোলা। ভেতরে আসবাব বলতে কিছু চেয়ার-আলমারি রয়েছে। সেগুলো ধুলাবালি আর মাকড়সার জালে ভরা। সুবিশাল আঙিনাসমৃদ্ধ ভবনটি পুরোপুরিই অরক্ষিত। নতুন এ ভবনের পাশে পুরোনো ভবনের বারান্দায় দুটো পরিবার আশ্রয় নিয়েছে। তাঁরাই নতুন ভবনসহ আশপাশ দেখভাল করছেন বলে জানান।সিলেট জেলা পরিষদ সূত্র জানায়, ২০০৮ সালের ২২ ডিসেম্বর জাদুঘর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। দয়ামীর কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবদুর রহিম বলেন, ‘গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হতো শিক্ষার্থীরা। স্থানীয় নতুন প্রজন্মও মুক্তিযুদ্ধ ও জেনারেল ওসমানী সম্পর্কে জানতে পারত। এটি কেন চালু হচ্ছে না, তা কেউ বলতে পারছে না।’বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ বলেন, ‘মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির স্মৃতিরক্ষার নামে এ রকম অবহেলা তাঁকে অসম্মান করার শামিল।’বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান জানান, জেলা পরিষদের সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু এটি চালুর ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি।যোগাযোগ করা হলে সিলেট জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী হাসিব হাসান প্রথম আলোকে বলেন, ‘ভবন নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাত লাখ টাকা ব্যয়ে আসবাব কেনা হয়। সেগুলো ওই ভবনে রাখা হয়েছে। স্মৃতি জাদুঘরে প্রদর্শনের জন্য জেনারেল ওসমানীর জীবনী লেখার কাজ শেষ করে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর একটি ম্যুরাল তৈরিরও কাজ চলছে। এ দুটি কাজ শেষ হলেই জাদুঘর চালু হবে।’ তবে কবে নাগাদ চালু হতে পারে, তার দিনক্ষণ জানাতে পারেননি তিনি।সিলেট নগরের নাইওরপুল এলাকার নূর মঞ্জিলে ‘ওসমানী জাদুঘর’ ১৯৮৪ সালের ৪ মার্চ থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা হিসেবে পরিচালিত হচ্ছে। ওসমানীর মা জুবেদা খাতুন ও বাবা খান বাহাদুর মফিজুর রহমানের নামে গঠিত ট্রাস্টের আর্থিক পৃষ্ঠপোষকতায় ওই জাদুঘর চলছে। ওসমানীর ব্যবহূত আসবাব, দুর্লভ ছবিসহ প্রায় ৪৭৩টি নিদর্শন সেখানে রয়েছে।