ভবন নির্মাণকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ গতকাল রোববার শুরু হয়েছে। সকালে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর এক সুধী সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকার চিকিৎসাসেবায় জোর তাগিদ দিচ্ছে, যা এর আগে কোনো সরকার করেনি। কুষ্টিয়ার উন্নয়নে আরও কাজ করা হবে। মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদের সভাপতিত্বে সমাবেশে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আজিজুন নাহার, সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পটি বাস্তবায়ন করছে কুষ্টিয়া গণপূর্ত বিভাগ। গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শহীদ মো. কবীর জানান, প্রথম পর্যায়ে ১০ তলাবিশিষ্ট হাসপাতাল ভবনের তিনতলা নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৯২ কোটি ২৪ লাখ টাকা। তিন বছরের মধ্যে হাসপাতালটি হস্তান্তরের কথা রয়েছে। প্রকল্প পরিচালক ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ বলেন, ইতিমধ্যে মেডিকেল কলেজের জন্য একটি অ্যাকাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের জন্য দুটি হল ও শিক্ষকদের জন্য দুটি ডরমেটরির কাজ শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী বছরেই সব কাজ করা সম্ভব হবে।
হাসপাতালের নির্মাণকাজ উদ্বোধনের পর আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম যান ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেখানে তিনি আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বেলা পৌনে একটায় টিএসসিসি মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানে হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নতি হচ্ছে। এভাবে উন্নতির ধারা অব্যাহত থাকলে ২০২১ সাল নয়, ২০১৯ সালের মধ্যেই বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে একটি সুইমিংপুল নির্মাণ ও ক্রীড়া বিভাগের জন্য একটি মাইক্রোবাস দেওয়ার ঘোষণা দেন মাহবুব উল আলম।
ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়: খেলার উদ্বোধনী দিনে জয় পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ সূত্রে জানা গেছে, উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে প্রথম খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে ৫-০ গোলে, দ্বিতীয় খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়েছে। তৃতীয় খেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এ খেলাটি আলো স্বল্পতার কারণে ১৮ মিনিট বাকি থাকাবস্থায় স্থগিত রাখা হয়। স্থগিত থাকা পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চেয়ে ১-০ গোলে এগিয়ে রয়েছে। এ খেলার বাকি ১৮ মিনিট আজ সোমবার সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।