ভবন নির্মাণকাজের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহিষ উন্নয়ন প্রকল্পের অধীনে বায়োটেকনোলজি ল্যাবরেটরি ভবন নির্মাণের ঠিকাদার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে৷ দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটির একাধিক সদস্য প্রকল্পের পরিচালকের (পিডি) বিরুদ্ধে এ অভিযোগ করেছেন৷
বিএলআরঅাই থেকে জানা গেছে, দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটিতে বিএলআরআইসহ অন্যান্য প্রতিষ্ঠানের পাঁচজন বিশেষজ্ঞ প্রতিনিধি রয়েছেন৷ তঁারা উন্নয়নমূলক কাজসহ আর্থিক কাজের জন্য আহ্বান করা দরপত্র-প্রক্রিয়া শেষে যাচাই-বাছাই (কারিগির ও আর্থিক) করে তা অনুমোদনের জন্য সুপারিশ করে থাকেন। তাঁদের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠানের মহাপরিচালকের অনুমোদনের পর সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক কার্যাদেশ দেন। কিন্তু ল্যাবরেটরি ভবন নির্মাণে দরপত্র-প্রক্রিয়ায় দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ মানা হয়নি। বিষয়টি জানার পর এ বিষয়ে তথ্য পেতে তথ্য অধিকার আইনে গত ১২ এপ্রিল প্রথম আলোর পক্ষ থেকে বিএলআরআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করা হয়৷ ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জুন পাওয়া তথ্য পর্যালোচনা করে অনিয়মের বিষয়টি ধরা পড়ে৷
প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চার কোটি ১৪ লাখ আট হাজার ৩৮ টাকা ব্যয়ে বায়োটেকনোলজি ল্যাবরেটরি ভবন নির্মাণের জন্য ২০১২ সালের জুন মাসে দরপত্র আহ্বান করা হয়৷ মেসার্স এস আহমেদ কনস্ট্রাকশন লিমিটেড, মেসার্স স্টারলিট সার্ভিস লিমিটেড, মেসার্স উর্মি এন্টারপ্রাইজ ও মেসার্স নূর কনস্ট্রাকশন লিমিটেড নামের চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই দরপত্রে অংশ নেয়৷ এর মধ্যে মেসার্স নূর কনস্ট্রাকশন লিমিটেড সর্বনিম্ন দরদাতা হওয়ায় দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়ার জন্য সুপারিশ করে৷ কিন্তু পিডি নূরুন্নাহার দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটির সুপারিশ উপেক্ষা করে ২০১৩ সালের ডিসেম্বর মাসে পুনরায় দরপত্র আহ্বান করেন৷ এরপর দ্বিতীয় দফায় সর্বনিম্ন দরদাতা হিসেবে তিনি মেসার্স রাজু এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেন৷ বর্তমানে ভবনটির নির্মাণকাজ চলছে৷
দ্বিতীয় দফার দরপত্র আহ্বান সম্পর্কে ব্যাখ্যায় নূরুন্নাহার বলেন, মেসার্স নূর কনস্ট্রাকশন লিমিটেড দরপত্রের সঙ্গে সরকারি ক্রয় নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি৷ এ ছাড়া দরপত্রের শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানের নির্মাণকাজের পাঁচ বছরের অভিজ্ঞতা ছিল না৷ এসব কারণে প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ না দিয়ে পুনরায় দরপত্র আহ্বান করা হয়।
তবে প্রথম দফা দরপত্র আহ্বানের পর ২০১৩ সালের মার্চ মাসে অনুষ্ঠিত দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটির সভার কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা যায়, পাঁচ বছরের অভিজ্ঞতা না থাকার অজুহাতে প্রকল্প পরিচালক নূরুন্নাহার মেসার্স নূর কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে যে আপত্তি তুলেছেন, তার সঙ্গে কমিটির সদস্যরা দ্বিমত পোষণ করেন। তাঁদের মতে, পাঁচ বছরের অভিজ্ঞতা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না৷ তা ছাড়া এ অভিজ্ঞতা না থাকলে সরকারি ক্রয়নীতিও লঙ্ঘিত হবে না৷
দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটির সদস্যসচিব এবং বিএলআরআইয়ের তৎকালীন ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী কেরামত আলী বলেন, পিডি আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি তাঁর পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্যই পুনরায় দরপত্র আহ্বান করেন৷ আর এই অনিয়মের প্রতিবাদে তিনি (কেরামত আলী) ওই কমিটি থেকে পদত্যাগ করেন৷
কমিটির অপর সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রকৌশলী (যান্ত্রিক) মো. গোলাম মোস্তফা বলেন, ‘প্রকল্পের পরিচালক নূরুন্নাহার আমাদের সুপারিশ উপেক্ষা করে তুচ্ছ অজুহাতে পুনরায় দরপত্র আহ্বান করেন।’