ভবন নির্মাণে নকশা না মানার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ‘মধ্য কানাইনগর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার’ নির্মাণে ঠিকাদার নকশা না মেনে অনিয়ম করছেন বলে অভিযোগ উঠেছে। তবে ঠিকাদার অভিযোগ অস্বীকার করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম, ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইয়াসিন, সদস্য আবদুল খালেকসহ এলাকার কয়েকজনের ভাষ্য, ঠিকাদার বিদ্যালয়ের ভবন নির্মাণের আগে কোনো সিটিজেন চার্ট টাঙাননি। ভবনের নকশা দেখতে চাইলেও তিনি দেখাননি। প্রথম তলার ছাদ নির্মাণ করা হলেও উপজেলা প্রকৌশলী একবারের জন্যও এখানে আসেননি। এসও (সাইট অফিসার) জাফর আহমেদকে বারবার অনিয়মের কথা বলা সত্ত্বেও রাজমিস্ত্রি ও ঠিকাদার অনিয়ম করে কাজ সম্পন্ন করছেন। তাঁরা ভবনের ভিত্তি (বেজ), স্তম্ভ (কলাম) ও ছাদ ঢালাইয়ের পুরুত্ব, রড, সিমেন্ট, ইটের খোয়া ও বালু ব্যবহারে ব্যাপক অনিয়ম করছেন। অনিয়ম করার কারণে ঠিকাদারের সঙ্গে এলাকাবাসীর কথা-কাটাকাটিও হয়েছে।এলাকাবাসীর অভিযোগ এবং ভবনের নকশা পর্যালোচনা করে দেখা যায়, নকশা অনুযায়ী বিদ্যালয় ভবনের ১৯টি ভিত্তির প্রতিটির শুরুতে তিন ইঞ্চি ইটের সলিং করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি। ভিত্তির রডের খাঁচায় এক রড থেকে আরেক রডের দূরত্ব ও রডের পুরুত্ব নকশা অনুযায়ী মানা হয়নি। ভিত্তির মতো ২১টি স্তম্ভ ও ছাদ নির্মাণে রড ব্যবহারে অনিয়ম করা হয়েছে। সিমেন্ট, বালু ও ইটের খোয়া ব্যবহারের নিয়ম মানা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভোলা সদর উপজেলা প্রকৌশলী ফোরকান শিকদার বলেন, ‘এলাকার লোক নানা রকম অভিযোগ করতেই পারে। কিন্তু ভবনের নির্মাণকাজ সঠিকভাবেই এগিয়ে যাচ্ছে। আর একটি স্থানে সারা দিন দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। কাজের মান ভালো হচ্ছে দেখে আমি চলে আসি।’ ঠিকাদার নিজাম উদ্দিন বলেন, ‘এখানে ভবন নির্মাণে কোনো ফাঁকির সুযোগ নেই। ভবনের নকশা না মেনে চললে প্রকৌশলীই বাধা দিতেন। নকশা অনুসরণ করে ভবন নির্মাণ করা হচ্ছে।’উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, পিডিবি-৩ প্রকল্পের আওতায় প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট মধ্য কানাইনগর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে ভবনের প্রথম তলার ছাদের ঢালাই সম্পন্ন হয়েছে। ভোলা নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, নকশা অনুসরণ না করে অনিয়ম করার কারণে ভোলার অনেক ভবন সাত-আট বছর যেতে না-যেতেই ব্যবহারের অনুপযোগী হয়ে যাচ্ছে।