ভবন নির্মাণে পৃথক দুই জায়গায় দুটি ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন একটি। পরিষদের ভবনও হবে একটি। এর জন্য দুবার দুটি ভিন্ন জায়গায় স্থাপন করা হলো ভিত্তিপ্রস্তর। মাঝে সাড়ে তিন বছরের ব্যবধান। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে।
প্রায় সাড়ে তিন বছর আগে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর ওই ইউনিয়নের উত্তর পাশে বিল গোবিন্দপুর এলাকায় ইউপি ভবনের কাছে একই ইউনিয়ন পরিষদের (ইউপি) কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী। আবার গত বুধবার বিকেলে ইউনিয়নের দক্ষিণ প্রান্ত ভুবুকদিয়া এলাকায় ওই ইউপি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাজেদা চৌধুরী।
ওই ইউপি কমপ্লেক্স ভবনের নির্মাণ নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান সরদারের মধ্যে। দুই চেয়ারম্যানই ইউপি ভবনটি নিজ নিজ বাড়ির কাছে নিয়ে যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন। দুই চেয়ারম্যানের বাড়ি ইউনিয়নের দুই প্রান্তে। এক চেয়ারম্যানের বাড়ি থেকে অপর চেয়ারম্যানের বাড়ির দূরত্ব চার কিলোমিটার।
ইউনিয়ন ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ দশমিক ০৩ বর্গকিলোমিটার আয়তনের ভাঙ্গি ইউনিয়ন ১৯টি গ্রাম নিয়ে গঠিত। লোকসংখ্যা প্রায় ২৬ হাজার। ইউনিয়নের বিল গোবিন্দপুর এলাকায় আনুমানিক ৭০ বছরের পুরোনো ইউপি ভবন অবস্থিত। এই এলাকায় কৃষি ব্যাংক, ইউনিয়ন ভূমি কার্যালয়, ইউনিয়ন কল্যাণ কেন্দ্র এবং একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। এসব দিক বিবেচনা করে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর সাজেদা চৌধুরী বিল গোবিন্দপুরে নতুন ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ জন্য ৫০ শতাংশ জমিও সরকারকে লিখে দেওয়া হয় সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সরদারের পরিবারের পক্ষ থেকে। কিন্তু হাইকোর্টে মামলা করে কাজ স্থগিত করে দেন বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
সাইফুজ্জামান সরদার প্রথম আলোকে বলেন, পরিপত্র অনুযায়ী সাবেক ইউপি ভবনের কাছে এবং যেখানে ব্যাংক, স্বাস্থ্যকেন্দ্র ও ভূমি অফিস রয়েছে, এমন সুবিধাজনক জায়গায় ইউপি ভবন নির্মাণ করার কথা। এ জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে ৫০ শতাংশ জমিও দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাতজন ব্যক্তি বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের জেদাজেদির কারণে সাড়ে তিন বছর আগে একবার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও ভবন নির্মাণ করা হয়নি। মানুষের সুবিধার কথা না ভেবে নিজেদের জেদ চরিতার্থ করার জন্য নিজেদের বাড়ির কাছে ইউপি ভবন নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে।
আবুল কালাম আজাদ বলেন, বিল গোবিন্দপুর ও ভুবুকদিয়া দুই মৌজাই ইউনিয়নের দুই প্রান্তে অবস্থিত। তবে তুলনামূলকভাবে ভুবুকদিয়া কিছুটা ভেতরে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, মামলার কারণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেও বিল গোবিন্দপুরে ডাঙ্গি ইউপি ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ভুবুকদিয়া ইউপি ভবন করার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে গত বুধবার দ্বিতীয় দফা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো।