চট্টগ্রামের কোথাও কোথাও ১০০ ফুট গভীর পর্যন্ত মাটি নরম। তাই ভবন নির্মাণে এখনই সতর্ক না হলে ভূমিকম্পের ক্ষতি বাড়বে। এ জন্য মাটির নিচে ভিত্তির ব্যাস বেশি রাখতে হবে। ভবন কাঁপলেও যেন না দোলে। যদি সামান্যও দোলে, ভবন ধসে পড়ার আশঙ্কা থাকে।
চট্টগ্রাম নগরে গতকাল শনিবার একটি সেমিনারে এ কথা বলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরোকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। তিনি ছিলেন সেমিনারের মূল আলোচক।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, তিনটি ভূতাত্ত্বিক ফাটলের (ফল্ট) কাছাকাছি বাংলাদেশ অবস্থান করছে। ফলে এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।
সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে ‘বাংলাদেশে ভূমিকম্প জনসচেতনতা এবং ঐতিহাসিক ভূমিকম্প থেকে শিক্ষণ’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ও ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অবৈতনিক প্রধান ইদ্রিস আলম। এর আয়োজক ছিল ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সেমিনার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিকও।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘পরিবেশের ওপর আঘাত এলে সেই পরিবেশ মানুষের ওপর প্রতিশোধ নেয়। চট্টগ্রামের সর্বত্র পাহাড় কেটে বসতি করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আমি এই সমস্যা মোকাবিলা করছি। পাহাড় না কেটে সেখানে গাছপালা লাগাতে হবে। পরিবেশ সংরক্ষণ করা হলে মানুষের ঝুঁকিও কমবে।’
মূল প্রবন্ধে ইদ্রিস আলম বলেন, ভারত ও মিয়ানমারের অভ্যন্তরের দুটি এবং ইন্দোনেশিয়ায় আরেকটি ফাটলের প্রভাবে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে মিয়ানমার পর্যন্ত আরাকান অঞ্চল এবং সিলেট-ময়মনসিংহ থেকে ভারতের পূর্বাঞ্চল পর্যন্ত ডাউকি অঞ্চলে ফাটল রয়েছে। বাংলাদেশের দক্ষিণে আন্দামান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত আরেকটি বড় ফাটল রয়েছে।
ইদ্রিস আলম আরও বলেন, ১৭৬২ সালের ভূমিকম্পে উপকূলীয় অঞ্চলে ফাটল হয় এবং ১৫৫ বর্গকিলোমিটার এলাকা সাগরে তলিয়ে যায়। ১৮৮৫ সালে বাংলাদেশের মধ্যভাগে মধুপুর ফাটলের কারণে আরেকটি ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয়। সাধারণত ২০০ বা ৫০০ বা ১ হাজার বছর পর বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে। ফলে আরেকটি বড় ধরনের ভূমিকম্পের কাছাকাছি রয়েছে দেশ। হয়তো পরবর্তী প্রজন্ম সেটির ভুক্তভোগী হবে। তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নিয়ে বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ঢাকা, চট্টগ্রামসহ সর্বত্র পুকুর ও নিচু ভূমি ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে মাঝারি ভূমিকম্পেই ঝুঁকি বাড়বে। বড় ধরনের ভূমিকম্প হলে তো কথা নেই।
নগরের হামজারবাগ ট্র্যাজেডির কথা উল্লেখ করে মেহেদী আহমেদ আনসারী বলেন, একটি পুকুর ভরাট করে হামজারবাগে ভবন নির্মিত হয়েছিল। ১৯৯৭ সালে ভূমিকম্পে সেটি ধসে পড়ে। কারণ, ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। ভিত্তি ছিল খুব দুর্বল।
আলোচনায় অংশ নিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, পাহাড়ধসের কারণে মৃত্যুর ঝুঁকি বেড়েছে। পাহাড় কেটে বসতি স্থাপন এবং গাছপালা উজাড় করার কারণে বালু-মাটির পাহাড় নড়বড়ে হয়ে যাচ্ছে। এ কারণে ছোট ও মাঝারি ভূমিকম্পে পাহাড়ে ফাটল তৈরি হতে পারে। এ বিষয়ে গবেষণার প্রয়োজন আছে।