ভবন নির্মাণের কাজ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়াল নির্মাণে রডের সঙ্গে বাঁশের কঞ্চি দেওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। কার নির্দেশে, কেন এই কাজ করা হচ্ছিল, তা তদন্তে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪৪ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে বান্দরবান সরকারি মহিলা কলেজের বিজ্ঞান ভবনের তৃতীয় তলার নির্মাণকাজ চলছে। ভবনের ছাদের নিচের অংশে ঝোলানো দেয়ালে (ড্রপ ওয়াল) রডের সঙ্গে বাঁশ ব্যবহার করা নিয়ে গতকাল প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।

তদন্ত কমিটি গঠনের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, বোর্ডের সদস্য (পরিকল্পনা) নুরুল আলম চৌধুরীর নেতৃত্বে এই কমিটি করা হয়েছে।