ভবন নির্মাণের কাজে গাফিলতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের তৃতীয় তলার পূর্বাংশের নির্মাণকাজে ত্রুটি এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ করেছেন শিক্ষকেরা৷ নির্মাণকাজ চলাকালে বিশ্ববিদ্যালয় প্রকৌশল কার্যালয় যথাযথভাবে দায়িত্ব পালন করেনি বলেও অভিযোগ করেন তাঁরা৷
নতুন কলাভবনের ওই অংশটির নির্মাণকাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মল্লিক এন্টারপ্রাইজ৷ কাজ শেষ হলে গত ফেব্রুয়ারিতে ভবনের ওই অংশে প্রত্নতত্ত্ব বিভাগের কার্যক্রম শুরু হয়৷ এর পর এক রাতের বৃষ্টিতে ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণি ও শিক্ষকদের কক্ষ ভিজে যায়। এ ঘটনায় শিক্ষকেরা ত্রুটিপূর্ণ নির্মাণকাজের অভিযোগ তোলেন।
প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মোজাম্মেল হক এবং মুহাম্মদ নুরুল কবীর ভূঁইয়া অভিযোগ করেন, বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ছে। একটি দেয়াল যে বাঁকা তা খালি চোখেই দেখা যায়৷ এ ছাড়া, শৌচাগারগুলোতে কমোডসহ যাবতীয় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে৷
ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ বলেন, ‘কাজ অনেক আগে শেষ হয়েছে। এত দিন পরে থাকায় হয়তো কিছু ত্রুটি দেখা দিয়েছে। আমরা তা মেরামত করে দেব৷’
এদিকে, অভিযোগের ভিত্তিতে গত ৫ এপ্রিল এক বিশেষ সিন্ডিকেট সভা ডাকা হয়৷ সভায় তদারকি কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়৷
তদারকি কমিটির প্রধান অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, ‘এখনই কিছু বলতে চাইছি না৷ শিগগিরই প্রতিবেদন জমা দেব৷’
তবে কমিটির একাধিক সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, নির্মাণকাজ তদারকির সরাসরি দায়িত্ব ছিল বিশ্ববিদ্যালয় প্রকৌশলীদের৷
দেখাশোনার দায়িত্বে থাকা তিন প্রকৌশলীর মধ্যে আবদুস সালাম মো. শরীফ নির্মাণকাজে কোনো ত্রুটি নেই বলে দাবি করেন৷
তবে বিশ্ববিদ্যালয় প্রকৌশল কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রকৌশলী আখতার হোসেন স্বীকার করেন, সরাসরি তদারককারীদের দায়িত্বে অবহেলায় কিছুটা ত্রুটি রয়ে গেছে৷ এ জন্য কয়েকজন প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে৷
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘তদারকি কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’