ভবন নির্মাণের দুই বছরেও চালু হয়নি পূর্বাভাস কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন নির্মাণের কাজ শেষ হওয়ার দুই বছর পরও খুলনার কয়রা উপজেলা সদরের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি চালু হয়নি। যন্ত্রপাতি স্থাপন না করায় ও জনবল নিয়োগ না দেওয়ায় কেন্দ্রটি চালু করা সম্ভব হয়নি। রক্ষণাবেক্ষণ না করায় ভবনের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে।এলাকাবাসী, ঢাকা আবহাওয়া অধিদপ্তর ও খুলনা গণপূর্ত বিভাগ-২ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে আবহাওয়া অধিদপ্তরের উদ্যোগে ‘নৌ-দুর্ঘটনা প্রশমনকল্পে অভ্যন্তরীণ নৌ-চলাচল পূর্বাভাস কেন্দ্র’ প্রকল্পের আওতায় উপজেলার মদিনাবাদ এলাকার দেড় একর জমিতে একটি দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। এ জন্য ৮২ লাখ ৭৪ হাজার ৩৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১০ সালের জুন মাসে খুলনা গণপূর্ত বিভাগ-২-এর তত্ত্বাবধানে ভবন নির্মাণের কাজ শেষ হয়। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কোনো যন্ত্রপাতি স্থাপন না করায় এবং লোকবল নিয়োগ না দেওয়ায় কেন্দ্রটি চালু করা যায়নি। ফলে এ কেন্দ্র থেকে এই এলাকার নদীতে চলাচলকারী নৌযানগুলো আবহাওয়ার কোনো আগাম সংকেত পাচ্ছে না।স্থানীয় লঞ্চচালক আবদুল বারী বলেন, ‘সব সময় নদী-খালে তাহি, খারাপ আবহাওয়ার খবরডা আগেত্তে জানতি পাল্লি (পারলে) আমরা সতর্ক থাকতি পাত্তাম।’ খুলনা গণপূর্ত বিভাগ-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ আশেক রসুল বলেন, ‘আমরা ২০১০ সালের জুনে ভবন নির্মাণের কাজ শেষ করেছি। এটি চালু করার দায়িত্ব আবহাওয়া অধিদপ্তরের। এখানে আমাদের কিছু করার নেই।’আবহাওয়া অধিদপ্তরের এই প্রকল্পের পরিচালক মজিদুল ইসলাম জানান, বলেন, ‘আমরা কেন্দ্রটি দ্রুত চালু করার চেষ্টা করছি।’