রোয়াংছড়ি উপজেলার পাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ শেষ হওয়ার পরই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ২০১০ সালে নির্মিত ভবণটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাড়াবাসীর নির্মিত বেড়ার ঘরে শিক্ষা কার্যক্রম চালাতে বাধ্য হচ্ছেন বলে শিক্ষকেরা জানিয়েছেন।
ছাত্রছাত্রীরা বলেছে, ফাঁকা ফাঁকা বেড়া দেওয়া চালাঘরে সামান্য বৃষ্টি হলে পানি পড়ে। বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত তারা পাঠ গ্রহণ করতে না পেরে ছোট্ট একটি কক্ষে গাদাগাদি করে বসে থাকে।
উপজেলা প্রকৌশলী ও ভবন নির্মাণকারী ঠিকাদার বিষয়টি পত্রিকায় প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন, আরেকটি ভবন নির্মাণ প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উপজেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে পাগলাছড়ায় গিয়ে দেখা গেছে, ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয় ভবনের দেয়ালে ও ছাদে বড় বড় ফাটল দেখা দিয়েছে। পাগলাছড়া ওয়ার্ডের ইউপি সদস্য গোপাল কান্তি তঞ্চঙ্গ্যা বলেছেন, নিম্নমানের কাজের কারণে ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য পাড়াবাসী গাছের ঠেস দিয়ে ভবনটিকে ধসে পড়া থেকে রক্ষার চেষ্টা করেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন বলেছেন, দুর্বল নির্মাণশৈলীর ভবন গাছের ঠেস দিয়ে ধরে রাখা সম্ভব নয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের মধ্যে উপস্থিত (৩ অক্টোবর) যুদ্ধসেন তঞ্চঙ্গ্যা ও রুম্পা দত্ত বলেছেন, নবনির্মিত বিশাল ভবনের পাশে বাঁশের বেড়ার ভাঙা ঘরে শ্রেণী কার্যক্রম চালানো অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় শ্রেণীর ছাত্রী নন্দা তঞ্চঙ্গ্যা ও চতুর্থ শ্রেণীর রুপা তঞ্চঙ্গ্যা বলেছে, তারা বৃষ্টির জন্য সব সময় চিন্তায় থাকে।
নির্মাণকারী ঠিকাদার মো. নুরু ভবন নির্মাণে ত্রুটির কথা অস্বীকার করে বলেছেন, মাটির অভ্যন্তরে হয়তো ভূমিকম্প হয়েছে। এর জন্য ফাটল ধরলেও সহজে ধসে পড়বে না। উপজেলা প্রকৌশলী মনমোহন দাশ বিদ্যালয়টি নির্মাণের পরেই তিনি বদলি হয়ে এসেছেন দাবি করে বলেছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-২) ভবনটি ভেঙে পিইডিপি-৩ থেকে আরেকটি ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। নির্মিত ভবনটি কেন এ রকম হয়েছে তার জানা নেই বলে তিনি বলেছেন।