ভবন নেই, অবহেলায় পড়ে আছে মূল্যবান যন্ত্রপাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ হয়নি। অযত্নে-অবহেলায় পড়ে আছে এর জন্য বরাদ্দ করা চিকিৎসার মূল্যবান যন্ত্রপাতি ও ফার্নিচার। ভবন না থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত চিকিৎসক-নার্স-কর্মচারী। তাঁরা বসে বসে বেতন নিচ্ছেন। অথচ রোগীরা কোনো সেবা পাচ্ছে না।জানা যায়, ২০০৬ সালের জুন মাসে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। ১৮ মাসের মধ্যে ভবন নির্মাণ করে সেবার কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু দ্বিতল এ ভবনের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।কেন আটকে আছে ভবনের কাজ, তা জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স আজাদ কনস্ট্রাকশন প্রাইভেট লি.’-এর তত্ত্বাবধায়ক আবু সাইম জানান, অর্থ-সংকটের কারণে কাজ শেষ করা যাচ্ছে না।হাসপাতালের কার্যক্রম শুরু করার জন্য ২০০৯ সালে চারজন জুনিয়র কনসালটেন্ট, একজন ডেন্টাল সার্জন, ছয়জন মেডিকেল অফিসার, পাঁচজন নার্সসহ ২১ জনকে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়। তাঁরা দুই বছর ধরে বেতন-ভাতা নিচ্ছেন। কাজের কাজ কিছুই হচ্ছে না। রোগীরা কোনো সেবা পাচ্ছে না।ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ আলম জানান, আলাদভাবে তিনটি পত্র দিয়ে তিনি নিজেও বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছেন। এ ছাড়া জেলা ও উপজেলা পরিষদের সমন্বয় সভায় বিষয়টি বারবার উপস্থাপন করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি।গত বছরের জুন মাসে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন মজিবর রহমান ফকির স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে দুই মাসের মধ্যে ভবনের কাজসহ সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাতেও কোনো কাজ হয়নি।সরেজমিনে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, হাসপাতালের জন্য বরাদ্দ করা চিকিৎসার মূল্যবান যন্ত্রপাতি নিচ তলার বারান্দায় পড়ে আছে। অতিরিক্ত চিকিৎসকেরা ভবনের কাজ শেষ না হওয়ায় গাদাগাদি করে পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে বসছেন। ফার্নিচারগুলো ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে দ্বিতীয় তলার বারান্দা ও চিকিৎসকদের কোয়ার্টারে।এ প্রসঙ্গে ডা. শাহ আলম জানান, শুধু ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় চিকিৎসক থাকলেও রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। চিকিৎসার মূল্যবান যন্ত্রপাতি পড়ে আছে অবহেলায়।