ভবন নেই, নতুন বই পেয়েও খুশি নয় শিক্ষার্থীরা
বছরের শুরুতেই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। তা পেয়েও তারা খুশি হতে পারেনি। সবার চোখে যেন বিষণ্নতার ছাপ। কারণ, ওই বিদ্যালয়ে পাঠদানের জন্য কোনো ভবন নেই। এ চিত্র সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কাকিয়াম-খলাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিন মাস ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে খোলা আকাশের নিচে। চরম দুর্ভোগে পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের।বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ২৮০ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক রয়েছেন। গত বছরের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে বিদ্যালয়টির আধা পাকা ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়। ভবনটি ভাঙার আগে একটি অস্থায়ী ভবন নির্মাণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু সাড়া মেলেনি। নিরুপায় হয়ে গত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার আগে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে আধা কিলোমিটার দূরে একটি বিদ্যালয়ে পাঠানো হয়। ওই বিদ্যালয়ে ছুটির পর একটি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান চালানো হয়। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাকিয়াম-খলাপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করছেন। বই পেয়ে কেমন লাগছে জানতে চাইলে শিক্ষার্থী অনিক আহমেদ, মামুন মিয়া, তন্বী আক্তার ও সালমা আক্তার বলল, ‘নতুন বই পাইলেও আমরা খুশি অইতাম পারছি না। স্কুলডা ভাঙায় খেলার মাঠে আমরা ক্লাস করতে অইব।’প্রধান শিক্ষক রোকেয়া খানম বলেন, ‘একটি টিনের ঘর নির্মাণের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বেশ কয়েকবার টিও (উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) স্যারকে জানিয়েছি। কোনো ফল পাইনি।’ দ্রুত বিদ্যালয় লাগোয়া অস্থায়ী টিনের ঘর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান তিনি।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’