ভবন নেই, শিক্ষার্থীও নেই তবু একাডেমিক স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী নেই, বিদ্যালয় ভবনও নেই। এর পরও গত বছরের ফেব্রুয়ারি মাসে একাডেমিক স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হরিহরপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়। গত রোববার সরেজমিন ওই এলাকায় গিয়ে হরিহরপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় নামের একটি বিদ্যালয় আছে—এ রকম অস্তিত্ব্ব খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ওই বিদ্যালয়ের কোনো শিক্ষক বা ছাত্রীরও দেখা মিলেনি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হরিহরপুর-মুর্শিদপুর এলাকায় ২০০০ সালে স্থানীয় ফারুক হোসেন নামের এক ব্যক্তির ১৬ শতক জমির ওপর অস্থায়ীভাবে হরিহরপুর নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তখন জমিদাতার বাবা আফজাল হোসেনকে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়। টিনশেডের চারটি কক্ষ নির্মাণ করে ৬০-৭০ জন ছাত্রী নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরে জমির মালিকের আপত্তির কারণে প্রধান শিক্ষক বিদ্যালয়টি গত বছরের ২১ ডিসেম্বর ভেঙে নেন।স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান ও আক্কাছ আলী জানান, প্রায় দুই বছর ধরে বিদ্যালয়ে পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয়টি যে স্থানে ছিল এর প্রায় ১৫০ গজ পূর্বে ৫০ শতক জমি বিদ্যালয়ের নিজস্ব। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আফজাল হোসেন মাস্টার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয়ের আয়-ব্যয়ের সঠিক হিসাব চাওয়ায় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, ২০০৯ সাল থেকে এই বিদ্যালয়ে কোনো ছাত্রী নেই। কাগজে-কলমে শতাধিক ছাত্রী দেখিয়ে গত বছরের ১৫ ফেব্রুয়ারি শিক্ষা বোর্ড থেকে একাডেমিক স্বীকৃতি নেওয়া হয়েছে। শিক্ষক মাওলানা মহিবুর রহমান ও গোলাম মওলা বলেন, একাডেমিক স্বীকৃতি নিতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মকর্তা এবং কর্মচারীদের ৯০ হাজার টাকা দেওয়ার কথা বলে প্রধান শিক্ষক ছয়জন শিক্ষকের কাছ থেকে ৭০ হাজার টাকা তুলেছেন। বাকি ২০ হাজার টাকা পরিচালনা কমিটির সাবেক সভাপতি আফজাল হোসেনের কাছ থেকে ধার নিয়েছেন। প্রধান শিক্ষক আবদুর রউফ বলেন, জায়গার মালিক নোটিশ দিয়ে জায়গা ছেড়ে দিতে বলার কারণে সেখান থেকে বিদ্যালয়টি ভেঙে সরিয়ে নেওয়ার বিকল্প ছিল না। এ কারণে বিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। একাডেমিক স্বীকৃতি পাওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে ঠিক। তবে আর্থিক অনিয়মের কথা ঠিক নয়।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম বলেন, বিদ্যালয় ভবনটি ভেঙে নেওয়ায় বর্তমানে এর কোনো অস্তিত্ব নেই। তবে ছাত্রীর সংখ্যা খুবই কম ছিল। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিদ্যালয়টি বন্ধ ছিল। দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ‘আমি সরেজমিনে ওই বিদ্যালয় পরিদর্শন করেছি। মন্ত্রণালয়ের নির্দেশেই বিদ্যালয়টিকে একাডেমিক স্বীকৃতি দেওয়া হয়েছে।’