ভবন নেই, গোয়ালঘরে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবন দুই বছর আগে নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বর্তমানে বিদ্যালয়টির পাঠদান চলছে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ের মেঝেতে। সেখানে জায়গা না হলে পাঠদান করতে হয় পাশের বাড়ির গোয়ালঘরে।
বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, চং নোয়াগাঁও গ্রামে ধনু নদীর তীরে ১৯৬৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালের ১৫ ডিসেম্বর ভাঙনের ফলে প্রতিষ্ঠানটি নদীতে বিলীন হয়ে যায়। বিদ্যালয়টিতে এখন ২২৮ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়টিতে শিক্ষক আছেন চারজন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়টি বিলীন হওয়ার পর স্কুলের পাশে নদীর পাড়ে বাঁশের মাচার ওপর একটি চালাঘর তৈরি করে সেখানে কার্যক্রম চলছিল। গত ২২ এপ্রিল সেটিও কালবৈশাখী ঝড়ে উড়ে যায়। তখন থেকে ‘রাঙামাটি খালপানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি এনজিওর ছোট্ট কার্যালয়ের মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে। শিক্ষার্থী বেশি এলে মেঝেতে স্থান সংকুলান হয় না। তখন পাশেই স্কুল পরিচালনা কমিটির সভাপতির গোয়ালঘরে ক্লাস নিতে হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়াহেদ আলী ভূঁইয়া বলেন, আগে যেখানে বিদ্যালয় ভবন ছিল, সে জমিটি তিনি দান করেছিলেন। সেটি ভাঙনে বিলীন হয়ে গেলে তাঁর বাড়ির পাশে নতুন করে ৩০ শতাংশ জমি লিখে দেন। এ নিয়ে নানা জটিলতায় দুই বছরেও নতুন স্কুল ভবন নির্মাণ হচ্ছে না।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়টিতে কোনো আসবাব নেই। পাঠদানের ঘরের দরজা-জানালা না থাকায় সামান্য বৃষ্টিতেই ঘরের মেঝেতে পানি চলে আসে। তখন লেখাপড়া চালানো সম্ভব হয় না। এ জন্য আকাশে মেঘ দেখলেই ছুটি হয়ে যায়। বিদ্যালয়ে আশপাশে নেই কোনো নলকূপ। এ ছাড়া এখানে শৌচাগারও নেই।
বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও প্রীতি আক্তার এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফুরকান হোসেন বলে, এনজিওর ছোট ঘরে জায়গা হয় না। প্রায়ই গোয়ালঘরে ক্লাস করতে হয়। তা ছাড়া বৃষ্টি হলে মেঝেতে পানি জমে যায়। তখন আর সেখানে বসা যায় না।
বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক লোকমান মিয়া বলেন, স্কুল ভবন না থাকায় ছাত্রছাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে নদী-খাল-বিল পার হয়ে শিক্ষার্থীদের এখানে আসতে হয়। এ জন্য অনেকে ছেলেমেয়েদের এ বিদ্যালয়ে পাঠাতে ভয় পান। এ কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ১৯৯৮ সাল থেকে নদীভাঙনে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হতে থাকে। পরে জমিদাতা ওয়াহেদ আলী ভূঁইয়া বিদ্যালয়ের জন্য গ্রামের পূর্ব পাশে আরও ৩০ শতাংশ জমি দান করেন। ২০০১ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিদ্যালয়ের আগের স্থানে বিদ্যালয় কাম বন্যাশ্রয় কেন্দ্র নির্মাণ করতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়কে নির্দেশ দেয়। এর সূত্র ধরে ২০১২ সালে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) অর্থায়নে ৪১ লাখ ৫২ হাজার টাকায় দরপত্র আহ্বান করা হয়। কিন্তু স্থানান্তরিত নতুন স্থানে ভবন নির্মাণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় ২০১৪ সালের ৩১ মার্চ ভবন নির্মাণ প্রক্রিয়া স্থগিত করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাওলা বলেন, ‘বিদ্যালয়টি স্থানান্তর ও পুনর্নির্মাণের জটিলতার বিষয় উল্লেখ করে গত ২৭ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই এর উত্তর পাব এবং ভবনের নির্মাণকাজ শুরু হবে।’