
ভবন না থাকায় বগুড়া শহরের লতিফপুর কলোনির প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিন বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কখনো ক্লাবঘরে, কখনো শৌচাগারের কাছে আবার কখনো খোলা আকাশের নিচে পাঠদান করা হচ্ছে। জমি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় নতুন ভবন নির্মাণ করতে পারছে না এলজিইডি। এই সমস্যার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে বিদ্যালয়ে আড়াই শ শিক্ষার্থী থাকলেও এখন তা ৫০-এ নেমে এসেছে। নিয়মিত উপস্থিতি গড়ে ২০ জন; অথচ শিক্ষকসংখ্যা ৬। জায়গা নিয়ে জটিলতার বিষয়টি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে ঝুলে থাকায় অনিশ্চয়তার মুখে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষক ও বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের লতিফপুর মৌজার ৪০ ও ৪১ খতিয়ানভুক্ত ৩৮ থেকে ৪০ দাগে ৩৬ শতাংশ জায়গার ওপর স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে বসতবাড়ি ছিল বিহারি কলোনির এক অবাঙালির। ওই বাড়িতে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে নির্যাতনের কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। স্বাধীনতার পর ওই বাড়ি ফেলে চলে যান মালিক। বাঙালি-অবাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়তে ১৯৭৩ সালে সেই বাড়িতেই এলাকাবাসী প্রতিষ্ঠা করেন প্রীতি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৮ সালে সরকারীকরণের পর নাম হয় প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এত দিন পরিত্যক্ত সেই বাড়িতেই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলে আসছিল।
বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামিমা ফেরদৌস বলেন, ৩৬ শতাংশ জায়গার মধ্যে অর্ধেকই বেদখল হয়েছে অনেক আগে। ১৭ শতক জায়গার ওপর একটি ভবনসহ বিভিন্ন স্থাপনা ছিল। ২০১৩ সালের শেষের দিকে সেই পুরোনো ভবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছিল। সে অনুযায়ী ২০১৪ সালে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ৪৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পুরোনো ভবন ভেঙে মালামাল নিলামে বিক্রির পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দরপত্র আহ্বান করে। কিন্তু জায়গার মালিকানা দাবি করে ভবন নির্মাণে বাধা দেয় গণপূর্ত অধিদপ্তর। এরপর নির্মাণকাজ আটকে যায়।
সাবেক প্রধান শিক্ষক আরও বলেন, কয়েক মাস খোলা আকাশের নিচে পাঠদান চলার পর ২০১৫ সালের দিকে পাশের ‘কিশোর যুব সংঘ’ নামের একটি সংগঠনের ছোট একটা ক্লাবঘরে বিদ্যালয়ের চেয়ার-টেবিল, বেঞ্চসহ যাবতীয় উপকরণ রাখা হয়। বিহারি কলোনির কেউ মারা গেলে লাশ রাখাসহ যাবতীয় সামাজিক আচার-অনুষ্ঠান করা হয় এই ক্লাবঘরেই। এতে কখনো ক্লাবঘরে, কখনো এর বারান্দায়, কখনো খোলা আকাশের নিচে পাঠদান কার্যক্রম চালাতে হয়।
৪ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, ক্লাবঘরের বারান্দা ঘেঁষে শৌচাগার। শৌচাগার থেকে দুর্গন্ধ আসছে ক্লাবঘরে। ভেতরে ঘরের এক পাশে ছয়জন শিক্ষকের মধ্যে চারজন বসে রয়েছেন। ঘরের অন্য পাশে সাত জোড়া বেঞ্চে গাদাগাদি করে বসে রয়েছে ১৮ জন শিক্ষার্থী। কেউ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির। ইসমত আরা ও রওশন আরা নামে দুজন শিক্ষক পাঠদান করছেন।
প্রধান শিক্ষক নাছরীন বানু বলেন, জায়গা রয়েছে, ভবন নির্মাণের টাকাও জমা রয়েছে। অথচ গণপূর্ত বিভাগের বাধায় ভবন নির্মাণ করা যাচ্ছে না। আড়াই বছরে জেলা প্রশাসকের মাধ্যমে অনেক চিঠি চালাচালি হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না।
গণপূর্ত অধিদপ্তরের বগুড়ার নির্বাহী প্রকৌশলী সালাহ্ উদ্দিন আহমেদ বলেন, বিদ্যালয়ের নামে জায়গা বরাদ্দ দেওয়ার এখতিয়ার একমাত্র সচিবের।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জায়গাটুকু বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়া হোক, সেটা আমিও চাই। কিন্তু বরাদ্দের বিষয়টি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। মন্ত্রণালয় থেকে জায়গাটির সার্বিক চিত্র চেয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রতিবেদন তৈরির দায়িত্ব দিয়েছি। দ্রুত প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানো হবে।’