ভবন নেই, ১০ বছর ধরে গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক পাকা ভবন তৈরি হলেও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বিন্যাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ভবন হয়নি। বিদ্যালয়টির একটি ভাঙা টিনের ঘর থাকলেও তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রায় ১০ বছর ধরে শিক্ষার্থীরা গাছতলায় বসে পাঠদান নিচ্ছে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, ১৯৩৩ সালে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গুমানি নদীর তীরে বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে ভালোই চলছিল বিদ্যালয়ের কার্যক্রম। ২০০২ সালে নদী ভাঙনে বিদ্যালয়টি বিলীন হয়। পরে স্থানীয়রা গ্রামের একটি ওয়াকফ এস্টেটের জমিতে বিদ্যালয়টি স্থানান্তর করে। সেখানে একটি ভাঙাচোরা টিনের ঘর তোলে নতুন করে শুরু হয় শিক্ষা কার্যক্রম।

বর্তমানে বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫৭ জন। শিক্ষক রয়েছেন চারজন। তাঁদের মধ্যে একজন পিটিআই প্রশিক্ষণের জন্য ছুটিতে আছেন। স্কুলের একমাত্র টিনের ঘরটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষকদের বসার জন্য কোনো চেয়ার-টেবিল নেই।

শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র পাঁচজোড়া বেঞ্চ। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরের গাছতলায় চটে বসে ক্লাস করছে।

গত ২২ জুলাই সকালে সরেজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গুমানি নদী পার হলেই বিন্যাবাড়ি গ্রাম। সবুজ, শ্যামল ছোট্ট গ্রামটির মাঝে মরচেধরা ও ভাঙাচোড়া একটি টিনের ঘর। ঘরটিতে কোনো জানালা-দরজা নেই। সামনে বাঁশের লাঠির সঙ্গে জাতীয় পতাকা উড়ছে। স্কুলঘরটির ঠিক সামনে ধান মাড়াই করছেন স্থানীয় বাসিন্দারা। পাশে আমগাছতলায় চলছে পাঠদান। শিক্ষার্থীদের কেউ মাটিতে চটের ওপর, কেউ বেঞ্চে বসে পড়ছে। দুজন শিক্ষক তাদের পড়াচ্ছেন।

সহকারী শিক্ষক আবদুল মতিন জানান, দীর্ঘদিন ধরে স্কুলঘরটি ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। যেকোনো সময় তা ভেঙে পড়তে পারে। তাই বাধ্য হয়ে গাছতলায় বসতে হচ্ছে।

তৃতীয় শ্রেণীর ছাত্র লালন হোসেন ও পঞ্চম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান বলে, ‘প্রচণ্ড গরমের কারণে টিনের ঘরে বসে ক্লাস করা যায় না। তাই গরমের দিনে আমরা বাইরে ক্লাস করি। বৃষ্টিতে বই-খাতা, জামা-কাপড় ভিজে যায়। বৃষ্টি এলে বাড়ি চলে যাই।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খাতুন বলেন, দেশের বহু স্কুলে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভবন তৈরি করা হচ্ছে। কিন্তু ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলে কোনো পাকা ভবন নেই। জমিসংক্রান্ত জটিলতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা বলেন, বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় পাকা ভবন নির্মাণ সম্ভব হয়নি। এখন জমি হয়েছে। শিগগির পাকা ভবনও তৈরি হবে।