ভবন পরিত্যক্ত, মাঠে বালুর ব্যবসা
বিদ্যালয় ভবনটিকে শিক্ষা বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেছে গত বছর। আর বিদ্যালয়ের মাঠে বালু রেখে ব্যবসা করছেন স্থানীয় একজন মাদ্রাসাশিক্ষক। তাই জায়গার অভাবে বরগুনার আমতলী উপজেলার হরিদ্রাবাড়িয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর পাঠদান চলছে বিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে রাস্তার ঢালে, খোলা আকাশের নিচে।গত বৃহস্পতিবার সকালে গুলিশাখালী ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বাড়ি থেকে বেঞ্চ এনে সারিবদ্ধভাবে রাখছে। স্থানীয় একটি সেলুনের দুই পাশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর দুটি ক্লাস নেওয়া শুরু করলেন দুজন শিক্ষক। পেছনে জরাজীর্ণ ছোট একটি একচালা ঘরে (গ্রামীণ ব্যাংকের ঋণকেন্দ্র) চলছে পঞ্চম শ্রেণীর ক্লাস। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা ছোটাছুটি করছে।শিক্ষক গোলাম মোস্তফা জানান, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে ১৯৯৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দুই লাখ ২০ হাজার টাকা ব্যয়ে চারটি কক্ষের একতলা ভবন নির্মাণ করে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরায় ২০১১ সালের ৮ জুন উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর এটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এর পর থেকে বিদ্যালয়ের মাঠে পাঠদান চলছিল। কিন্তু চার-পাঁচ মাস ধরে হরিদ্রাবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম মাঠে বালু রেখে ব্যবসা শুরু করেন। এ কারণে রাস্তার ঢালে ক্লাস নিতে হচ্ছে। সহকারী শিক্ষক রোকেয়া বেগম জানান, বিদ্যালয় ভবনে কেউ ঢোকার সাহস পায় না।প্রধান শিক্ষক রাশিদা পারভীন জনান, বিদ্যালয়ের করুণ দশা সম্পর্কে প্রাথমিক শিক্ষা বিভাগকে বারবার জানানো হয়েছে। বালু ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের মাঠে বালু রাখতে কারও অনুমতি নেওয়ার দরকার নেই। এ বিদ্যালয়ের জমিদাতা আমাদের পরিবার।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আকতার জানান, সমপ্রতি শিক্ষা কমিটির সভায় বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে। বিদ্যালয়ের মাঠে বালুর ব্যবসা প্রসঙ্গে তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।