ভবন পরিত্যক্ত, অন্য বিদ্যালয়ে জোড়াতালির পাঠদান
ভবন পরিত্যক্ত। পাঠদানের বিকল্প কোনো ব্যবস্থা নেই। তাই পাশের একটি উচ্চবিদ্যালয়ে তিনটি শ্রেণিকক্ষে মাত্র চার ঘণ্টার জন্য পাঠদান করা হচ্ছে। অথচ অন্যান্য বিদ্যালয়ে আট ঘণ্টা পাঠদান করা হয়। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ দুরবস্থা জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গত ৭ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে তিন কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন নির্মিত হয়। ভবনের বিমে ফাটল সৃষ্টি হওয়ায় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে পাশের ডাক্তার হানিফ উদ্দিন উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত পাঠদান করা হচ্ছে। বর্তমানে বিদ্যালয়ে ১৬৫ জন শিক্ষার্থী রয়েছে।
সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়ের তিন কক্ষবিশিষ্ট ভবনটি জরাজীর্ণ। ভবনের বিমগুলোতে ফাটল। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। দরজা, জানালা ও তিনটি শ্রেণিকক্ষের আসবাব ভাঙাচোরা। পাশের ডাক্তার হানিফ উদ্দিন উচ্চবিদ্যালয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। কিন্তু শ্রেণিকক্ষগুলো ছোট হওয়ায় এবং বেঞ্চ বেশি না থাকায় শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে ও দাঁড়িয়ে থেকে ক্লাস করতে হচ্ছে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত প্রাক্-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত এবং সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রুবিনা আক্তার বলে, ভোরবেলায় স্কুল হওয়ায় শিক্ষার্থীদের ব্যাপক সমস্যা। ঘুম থেকে ওঠার পর সকালের খাবার না খেয়েই অনেক সময় ক্লাসে আসতে হয়। ফলে অনেকেই নিয়মিত স্কুলে আসে না। মাত্র চার ঘণ্টা ক্লাসের মধ্যে ২৫-৩০ মিনিট এমনি চলে যায়। বাকি সাড়ে তিন ঘণ্টার মধ্যে তিন থেকে চারটি ক্লাস হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা বেগম বলেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে দুই পালায় পাশের উচ্চবিদ্যালয়ে পাঠদানের অনুমতি পাওয়া যায়।
জামালপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক বলেন, নতুন একটি ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।