
ফাল্গুনের তেজি রোদে শিশুরা হাঁপিয়ে উঠেছে। গরমে খুদে শিক্ষার্থীদের শরীর বেয়ে ঘাম ঝরছে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী পারভেজ বলে, ‘অনেক দিন ধইর্যাা আমরা মাঠে ক্লাস করি। রৌদ আর গরমে মাথা ঘোরায়, অনেক সময় বমি বমি ভাব হয়। কী করমু ক্লাস তো আর বাদ দেওন যায় না। আমাগো খুব কষ্ট হয়।’
বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত হওয়ায় দুই বছর ধরে বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে এভাবে শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে খুদে শিক্ষার্থীদের এমন দুর্দশার চিত্র দেখা গেল গত বুধবার।
ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলায় ৫৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০৭টির ভবন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ২০টি বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ।
ফুলহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের একতলা ভবনটি দুই বছর আগে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর পুরোনো জরাজীর্ণ তিন কক্ষের একটি টিনশেড ঘরে (সেটিও ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে ১০ বছর আগে) শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। ওই ঘরটিতে স্থান সংকুলান হয় না বলে বাধ্য হয়ে মাঠে ক্লাস নিতে হয়।
শিক্ষকদের সূত্র জানায়, সংশ্লিষ্ট বিভাগের কর্তাব্যক্তিদের বারবার জানিয়েও কোনো ফল হয়নি। গ্রীষ্মকালে মাঠে পাঠদান করা গেলেও বর্ষা মৌসুমে তা মারাত্মকভাবে ব্যাহত হয়। বর্ষা মৌসুমে পুরোনো টিনশেড ঘরটিতে গাদাগাদি করে কোনো রকম বসিয়ে দু-তিন শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে ক্লাস নিতে হয়। কখনো কখনো বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন তাঁরা। পরিত্যক্ত ভবনের একটি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকেরা মাঝেমধ্যে বসে দাপ্তরিক কাজ করেন।
সরেজমিনে দেখা যায়, চার কক্ষের বিদ্যালয় ভবনটি সম্পূর্ণ পরিত্যক্ত। কক্ষের মেঝেতে ছাদ থেকে খসে পড়া ইট, বালু আর খোয়ার স্তূপ। ভবনটির সামনের খুঁটি (পিলার) ক্ষয়ে ভেতরের রড বের হয়ে গেছে। দরজা-জানালার অধিকাংশই ভাঙা। ঝুঁকিপূর্ণ হওয়ায় দুই বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা। এরপর থেকে ওই ভবনের সামনের মাঠে তিন সারিতে বেঞ্চ বসিয়ে নেওয়া হচ্ছে ক্লাস।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত পশ্চিম ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এখানে তিন কক্ষের একটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। ওই ভবনটি সংস্কারের অভাবে পরিত্যক্ত হয়ে গেলে ১৯৯৭ সালে চার কক্ষবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু ১০-১২ বছর যেতে না যেতেই ওই নতুন ভবনটিও পরিত্যক্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা সুলতানা বলেন, ‘বিদ্যালয়ের এই জরাজীর্ণ অবস্থার কথা বারবার আমরা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি। বিদ্যালয়ের ছবি তুলে পর্যন্ত ওপর মহলে পাঠানো হয়েছে। তবে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এখন আমাদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।’
এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম রফিকুল ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি, তাই এ বিষয়ে আমি তেমন অবগত নই। তবে এ অবস্থা থাকলে অবশ্যই তাঁদের ভবনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জোর অনুরোধ করা হবে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার (ডিপিইও) বলেন, ‘ঝালকাঠি জেলায় যে ১০৭টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে, এর মধ্য থেকে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ ভবনকে শনাক্ত করে আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছি। এটা একটা চলমান প্রক্রিয়া, অগ্রাধিকার ভিত্তিতে খুব শিগগির অধিক ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের ভবনগুলোর নির্মাণকাজ শুরু হবে।’