ভবন পরিত্যক্ত, বারান্দায় পরীক্ষা
চার মাস আগে চার কক্ষের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠে জমে আছে কাদাপানি। জায়গা না পেয়ে শিক্ষকেরা মাঝেমধ্যে পাঠদান করেন রাস্তার পাশে। এখন পরীক্ষার কারণে তারা ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের বসিয়েছেন পরিত্যক্ত ভবনের বারান্দায়।
এ অবস্থা ঝিনাইদহ সদর উপজেলার বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে বাগুটিয়া গ্রামে ৩৩ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রথম দিকে চাটাইয়ের বেড়া ও টিনের ছাউনি দেওয়া ঘরে পাঠদান শুরু হয়। ১৯৮০ সালে একটি আধা পাকা ঘর নির্মাণ করে এলাকার মানুষ। ১৯৯৪ সালে সরকার একটি পাকা ভবন নির্মাণ করে দেয়। কয়েক বছর পর বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং ছাদের পলেস্তারা খসে পড়তে থাকে। বিষয়টি জানানোর পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝিনাইদহ কার্যালয় থেকে গত ৬ মে একজন প্রকৌশলী এসে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।
এর পর থেকে বিদ্যালয়ের মাঠে পাঠদান করা হচ্ছিল। কিন্তু দুই মাস ধরে মাঠে কাদাপানি জমে থাকায় এলাকার রাস্তার পাশে পাঠদান করা হচ্ছে। কিন্তু সব সময় এভাবে পাঠদান করা যাচ্ছে না। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এখানে ১৭৪ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। চারজন শিক্ষক পাঠদান করেন। কিন্তু ভবন পরিত্যক্ত ঘোষণা করার পর তাঁরা নিয়মিত পাঠদান করতে পারছেন না। মাঠে পানি জমে থাকায় রাস্তার ওপর পাঠদান করতে হয়। বৃষ্টি শুরু হলে পাঠদান করা যায় না।
প্রধান শিক্ষক রেকসনা খাতুন জানান, নতুন ভবনের জন্য তারা জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। কিন্তু আজও ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি।
অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, ওই বিদ্যালয়ের জন্য তাঁরা একটি নতুন ভবন নির্মাণের চেষ্টা করছেন।