ভবন পরিত্যক্ত মাঠে পাঠদান
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাদেশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর প্রায় এক মাস ধরে ২৩৮ জন শিক্ষার্থীকে মাঠে কিংবা গাছের নিচে পাঠদান করা হচ্ছে। কিন্তু কড়া রোদ ও বৃষ্টিতে পাঠদান বন্ধ রাখতে হচ্ছে।
এলাকাবাসীর কয়েকজন জানান, বাদেশ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ১০ বছর না যেতেই ছাদ দিয়ে পানি পড়ছে এবং ভবনের ভিম, কলাম ও দেয়ালে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেনা আক্তার জানান, বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানোর পর তিনি মাস খানেক আগে উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামকে নিয়ে ভবনটি পরিদর্শন করেন। পরীক্ষা-নীরিক্ষার পর তাঁরা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর থেকে খোলা আকাশের নিচে মাঠে বা গাছের ছায়ায় পাঠদান করা হচ্ছে। বৃষ্টি ও গরমের কারণে প্রায় দিনই শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকছে।
এলাকাবাসী ও অভিভাবকেরা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিজেদের উদ্যোগে একটি টিনের ঘর নির্মাণ করেছেন। সেই ঘরে অর্ধেক শিক্ষার্থীরও বসার জায়গা হয় না। তা ছাড়া এ ঘরে বেড়া নেই। তাই রোদে শিক্ষার্থীদের কষ্ট হয়।
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ভবন ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। তারা জরুরিভিত্তিতে নতুন ভবন নির্মাণ করে এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোখলেছ উদ্দিন বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’