ভবন ভাঙতে ছয় মাস সময় পেল বিজিএমইএ

রাজধানীর হাতিরঝিল এলাকায় বেআইনিভাবে নির্মিত তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৬ তলা ভবন ভাঙতে প্রতিষ্ঠানটিকে ৬ মাস সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বিজিএমইএর করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই সময় দিয়ে আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। গতকাল থেকে ছয় মাস গণনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ভবনটি রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে অবস্থিত। ভবন ভাঙতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজের পর বিজিএমইএ সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করেছিল। ৫ মার্চ আপিল বিভাগ তা খারিজ করে দেন, পাশাপাশি কার্যালয় সরাতে কত দিন সময় লাগবে তা জানিয়ে বিজিএমইএর আইনজীবীকে আবেদন দিতে বলেন। কার্যালয় সরাতে ৩ বছর সময় চেয়ে ৮ মার্চ আবেদন করে বিজিএমইএ।
গতকাল বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে বিজিএমইএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
পরে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বিজিএমইএর পক্ষ থেকে তিন বছর সময় চেয়ে দরখাস্ত করা হয়েছিল নতুন জায়গায় স্থানান্তরের জন্য। আপিল বিভাগ বিজিএমইএকে ছয় মাসের সময় দিয়েছে। ছয় মাসের ভেতর তাদের সরে যেতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের নির্দেশ তো মানতেই হবে। ছয় মাস গণনা আজকে (রোববার) থেকে শুরু হবে।’
বিজিএমইএর আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভবন ভাঙতে ছয় মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। অন্যত্র কার্যালয় স্থানান্তরের জন্য বিজিএমইএ উত্তরায় প্লট দেখছে। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।’
এর আগে সকালে শুনানির শুরুতে বিজিএমইএর আইনজীবী কামরুল হক সিদ্দিকী তিন বছর সময় চাওয়ার দিকগুলো তুলে ধরেন। শুনানিকালে আদালত বলেন, ‘আগে চেষ্টা করেননি, ২০১১ সালে হাইকোর্ট রায়ের পর ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ তা বহাল রাখে। এত দিন বসে ছিলেন?’ বিজিএমইএর আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘দক্ষিণ কোরিয়ার দিকে তাকান। দুটি কোম্পানির চেয়ারম্যানকে জেলে যেতে হয়েছিল, জানেন কি? শেরাটন বা সোনারগাঁওয়ের মতো একটি হোটেল নিয়ে নিন।’ আদালত বলেন, ‘যে স্টেটমেন্ট দেবেন তা যেন জেনুইন হয়। কোর্টকে বুড়ো আঙুল দেখাবেন না।’ এরপর আদালত বিজিএমইএর আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন।
২০১০ সালের ২ অক্টোবর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ বিষয় নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি আদালতের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট ওই ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে বিজিএমইএ কর্তৃপক্ষ। গত বছরের ২ জুন আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেন। গত বছরের নভেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
রায়ে বলা হয়, ‘বেগুনবাড়ি খাল’ ও ‘হাতিরঝিল’ জলাভূমিতে অবস্থিত ‘বিজিএমইএ কমপ্লেক্স’ নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেওয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হলো। এ ক্ষেত্রে ভবন ভাঙার খরচ আবেদনকারীর (বিজিএমইএ) কাছ থেকে আদায় করবে তারা।
নথি ও তথ্য বিশ্লেষণ করে রায়ে বলা হয়, ‘দেশের সব আইন লঙ্ঘন করে বিজিএমইএ ভবনটি নির্মাণ করা হয়েছে, তা বলতে আমাদের দ্বিধা নেই, যা অবিলম্বে ভেঙে ফেলার দাবি রাখে।’ এই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ৮ ডিসেম্বর আবেদন (রিভিউ) করেন বিজিএমইএর সভাপতি। এই রিভিউ ৫ মার্চ খারিজ হয়।