ভবন ভাঙার রায় রিভিউ চেয়ে বিজিএমইএর আবেদন শুনানি রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে অবস্থিত তৈরি পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৬ তলা ভবনটি অবিলম্বে ভেঙে ফেলতে রায় দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। এ রায় পুনর্বিবেচনা চেয়ে বিজিএমইএর করা আবেদনটি (রিভিউ) রোববার শুনানির জন্য রয়েছে।
বিষয়টি শুনানির জন্য উঠলে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ বলেন, ‘নট টুডে (আজ নয়)’।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএর পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রাজউক চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য সময় চাওয়া হয়। আদালত এক দিন সময় দিয়েছেন।
বিজিএমইএর ১৬ তলা ভবনটি অবিলম্বে সংগঠনের নিজ খরচায় ভেঙে ফেলতে নির্দেশ দিয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত বছরের ৮ নভেম্বর প্রকাশিত হয়। এরপর গত ৮ ডিসেম্বর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন বিজিএমইএর সভাপতি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই আবেদনে আপিলের রায় স্থগিতের পাশাপাশি স্থানান্তরের জন্য তিন বছর সময় চাওয়া হয়।
এরপর গত ২৭ ফেব্রুয়ারি বিষয়টি উঠলে আপিল বিভাগ ২ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন।