ভবন ভেঙে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনশেড সেমিপাকা ভবন ভেঙে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের টিনের চালার ওপর বসে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গেলে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, বিকালে ওই বিদ্যালয় মাঠে আহ্বান স্পোর্টিং ক্লাব ও বগা জুনিয়র একাদশের মধ্যে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। খেলা দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়। এঁদের মধ্যে শতাধিক দর্শক বিদ্যালয়ের পূর্ব পাশের একটি টিনশেড ভবনের চালার ওপরে অবস্থান নেন। বেলা পৌনে তিনটার দিকে বিকট শব্দে ওই ভবনটি ভেঙে পড়ে। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। পরে তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ভবনটিতে ষষ্ঠ (ক), সপ্তম (ক), অষ্টম (ক), নবম (ক) শ্রেণির ক্লাস হতো।