ভবন মালিককে জরিমানা
নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের মাটি নালায় ফেলার কারণে ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ভবন মালিক হলেন রুপক মুৎসুদ্দী।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম নগরের চকবাজারের মিয়ার বাপের মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘পাইলিংয়ের মাটি ফেলার কারণে নালা ভরাট হয়ে যায়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পদক্ষেপ নিতে শুরু করেছি। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আজকের (সোমবার) অভিযানে রুপক মুৎসুদ্দীকে এক লাখ টাকা জরিমানা অথবা এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানা দিয়ে তিনি মুক্তি পান।’
এদিকে পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য গতকাল দিনভর নগরের আন্দরকিল্লা, টেরিবাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালান করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।