ভবন মেরামতের কাজ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাড়ে ১৬ লাখ টাকার দুটি ভবন মেরামতের কাজ এক মাস ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া শিডিউল মতে রং ব্যবহার না করে ঠিকাদারের লোকজন নিম্নমানের রং দিয়ে ভবনের কয়েকটি অংশে ভেতরে ও বাইরে রং করছে বলে অভিযোগ উঠেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোনো ভবন মেরামত করার জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় নয় লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেয়। ওই কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস আজম। কার্যাদেশ মতে, প্লাস্টার, দরজা-জানালা মেরামত ও ভবনের ভেতরে-বাইরে রং করার কথা। পরে নতুন ভবন মেরামতের জন্য সাত লাখ ১৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আর ওই কাজের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান প্রমিজ ফাউন্ডেশন অ্যান্ড কনস্ট্রাকশন।কার্যাদেশ মতে, ভবনের মেঝে ঢালাই, দরজা-জানালা সংস্কার ও ভেতরে-বাইরে রং করার কথা। কিন্তু দুই ঠিকাদারের লোকজন গত ৮ জুন ভবনের মেরামতকাজ শুরু করলেও সামান্য কাজ করে চলে যায়।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শুধু ওয়ার্ডের ভেতরে ও বাইরে রং করা হয়েছে। কিন্তু বাকি কক্ষে কোনো রং বা মেরামত করা হয়নি। আর নতুন ভবনের মাত্র ১২টি দরজার চৌকাঠ পরিবর্তন করলেও বাকি ভবনের ভেতরে-বাইরে রং করা হয়নি। তবে ভবন মেরামতকাজের কোনো শ্রমিককে দেখা যায়নি।নতুন ভবন মেরামতকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার স্বপন বড়ুয়া বলেন, দরজা ও জানালার চৌকাঠ পরিবর্তনের কাজ শেষ হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে ভবনে রং লাগানো সম্ভব হচ্ছে না। তবে পুরোনো ভবন সংস্কারের কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোহাম্মদ ফারুকের মুঠোফোনে কয়েকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ প্রথম আলোকে বলেন, পুরোনো ভবনের শুধু ওয়ার্ডের ভেতরে-বাইরে রং করা হয়েছে। এতে নিম্নমানের রং ব্যবহার করায় সামান্য বৃষ্টির পানিতে ওই রংগুলো উঠে যাচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নতুন ও পুরোনো ভবন মেরামতকাজে সাড়ে ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও মাত্র এক লাখ টাকার সামান্য কাজ করে দুই ঠিকাদারের লোকজন চলে যায়। ফলে ভবনের মেরামতকাজ এক মাস ধরে বন্ধ রয়েছে বলে তিনি জানান।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (কক্সবাজার-বান্দরবান) সহকারী প্রকৌশলী মোহাম্মদ মোরশেদুল আলম বলেন, সিডিউল মতে ঠিকাদারের লোকজনের কাছ থেকে কাজ বুঝিয়ে নেওয়া হবে। তবে কাজ বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টি কমলেই পুনরায় মেরামতকাজ শুরু করা হবে।