ভবন, শিক্ষক সংকটে কমছে শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সখীপুরের হাজি আজহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছতলায় চলছে পাঠদান। ইনসেটে পরিত্যক্ত বিদ্যালয় ভবন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সখীপুরের হাজি আজহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছতলায় চলছে পাঠদান। ইনসেটে পরিত্যক্ত বিদ্যালয় ভবন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুরে হাজি আজহার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র পাকা ভবনটি পরিত্যক্ত ঘোষণা হওয়ায় গাছতলায় ক্লাস করতে হচ্ছে শিশুদের। তার ওপর নেই পর্যাপ্ত শিক্ষক। এ অবস্থায় দিন দিন কমছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী।

সরেজমিন গত বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬০ ফুট লম্বা চার কক্ষের একটি জরাজীর্ণ পাকা ভবন। ভবনটির দুই পাশে দুই কক্ষের দেয়াল ভেঙে পড়েছে। কক্ষগুলোর ভেতরে পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। একজন শিক্ষক একটি কাঁঠালগাছের ছায়ায় বেঞ্চ ফেলে সব শ্রেণির শিক্ষার্থীদের একত্রে বসিয়ে ক্লাস নিচ্ছেন। বিদ্যালয়ের চারপাশ ঘুরে হাজিরা খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র রাখার ও শিক্ষকদের বসার কোনো কক্ষ খুঁজে পাওয়া যায়নি। উপস্থিত একমাত্র শিক্ষক মো. মোত্তালেব বলেন, ‘মোট ৯৯ জন শিক্ষার্থী থাকলেও আজ ৪২ জন উপস্থিত রয়েছে। তিন বছর আগেই ওই ভবনটিকে উপজেলা এলজিইডির একজন প্রকৌশলী পরিত্যক্ত ঘোষণা করে গেছেন। এরপর একটি ছাপরা ঘর করা হলেও শিক্ষার্থীরা গাছের ছায়াতেই ক্লাস করতে বেশি পছন্দ করে।’ তিনি আরও বলেন, ‘তিন মাস ধরে আমরা দুজন শিক্ষক মিলে দিনে ২৭টি করে ক্লাস নিয়ে থাকি। আজ প্রধান শিক্ষক সখীপুরে একটি সভায় যোগ দেওয়ায় আমি নিজেই ২৭টি ক্লাস নিচ্ছি। ফলে পড়াশোনা কেমন হচ্ছে তা তো বুঝতেই পারছেন। এ অবস্থায় দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে।’ তিনি তথ্য দেন, ২০১৪ সালে এই বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ১৮০ জন। ২০১৫ সালে হয় ১৭৬ ও ২০১৬ সালে এসে দাঁড়ায় ১২০ জনে। এবার আরও ১৭ জন কমে গেছে। এ বছর বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৯৯। আর ক্লাস করে দৈনিক ৫০ থেকে ৬০ জন। এভাবে চলতে থাকলে একদিন শিক্ষার্থী শূন্যের কোঠায় চলে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন এই শিক্ষক।

প্রধান শিক্ষক ডি এম এ ছামাদের সঙ্গে কথা হয় বুধবার বিকেলে। তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ে পিয়ন নেই, ঘর নেই, প্রাক-প্রাথমিকের ছবিসংবলিত বিশেষ শ্রেণিকক্ষ নেই, শিক্ষক নেই। আসলে আমার বিদ্যালয়ে কিছুই নেই।’ তিনি বলেন, বিউটি আকতার নামের এক শিক্ষক পাঁচ মাস আগে মাতৃকালীন ছুটিতে গেছেন। আরেক শিক্ষক ওসমান গণি ১৮ মাসের প্রশিক্ষণ ও মজিবর রহমান নামের এক শিক্ষক গত ১৩ মে অবসর নিয়েছেন। কাউকে এ বিদ্যালয়ে নিয়োগ দিলেও অবকাঠামোর অবনতি দেখে তদবির করে দ্রুত বদলি নিয়ে চলে যান। তিনি দাবি করেন, নতুন ভবন পেলে শিক্ষার্থীর সংখ্যা আবার বাড়বে এ বিদ্যালয়ে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমিনা আক্তার বলে, ‘বিল্ডিং ঘর না থাকায় পড়তেও ভালো লাগে না। গাছতলায় বেশি সময় ক্লাস হয়। সমাপনী পরীক্ষার ফলাফল কেমন হবে জানি না।’

অভিভাবক সাবিনা ইয়াছমিন বলেন, ‘আগামী বছর আমার মেয়েকে অন্য বিদ্যালয়ে দিয়ে দিব। শিক্ষক না থাকায় এখানে ঠিকমতো ক্লাস হয় না।’

ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, এভাবে একটি স্কুল চলতে পারে না। সখীপুর উপজেলায় অবকাঠামোগত দিক দিয়ে এ বিদ্যালয়টি সবচেয়ে খারাপ অবস্থায় আছে। তিনি বলেন, নতুন ভবন না হলে এ বিদ্যালয়কে বাঁচানো যাবে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল হক বলেন, ‘বছর দেড়েক আগে আমি ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। তখনই অবস্থা কাহিল ছিল। জরাজীর্ণ বিদ্যালয়ের মধ্যে ওই বিদ্যালয়টি এক নম্বরে রয়েছে। ভবন বরাদ্দ এলে অগ্রাধিকার ভিত্তিতে ওই বিদ্যালয়ে আগে দেওয়া হবে। ওই বিদ্যালয়ে শিগগিরই একজন নতুন শিক্ষক দেওয়া হবে।’