ভবন সিটি করপোরেশনের, সাইনবোর্ড আ.লীগের
রাজশাহী সিটি করপোরেশন নগরের সিটি বাইপাস মোড়ে প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি একতলা ভবন নির্মাণ করেছে। আট কক্ষবিশিষ্ট ভবনটি চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের কাছে হস্তান্তর করার কথা। তার আগেই ভবনটিতে দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি থেকে জানা গেছে, নগর বাইপাস মোড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির নামে ১৯৮৫ সালে ৫ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়। ১৯৯২ সালে সমিতি তাদের রাজশাহী জেলা শাখা পরিচালিত কর্মচারী কল্যাণ ক্লাব হাউস ভবন (একতলা) নির্মাণ করে। সাড়ে তিন বছর আগে রাস্তা সম্প্রসারণ করার জন্য সিটি করপোরেশন ওই ভবনসহ জায়গাটি অধিগ্রহণ করে। বিনিময়ে ভবনটির পশ্চিম পাশে সিটি করপোরেশন সমিতিকে অনুরূপ আরেকটি ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি অনুযায়ী, পুরোনো ভবনের পশ্চিম পাশে ৫ শতাংশ জমির ওপর পাঁচতলার ভিত দিয়ে সিটি করপোরেশন অনুরূপ একতলা ভবন নির্মাণ করে দেয়। তিন বছর আগেই ভবনটির নির্মাণকাজ শেষ হয়। বছর খানেক আগে ওই ভবনে রাজপাড়া থানা আওয়ামী লীগ ও যুবলীগের কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে।
চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, ওই ভবনে রাজনৈতিক দলের সাইনবোর্ড দেখে তাঁরা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত শাখা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানিয়েছেন, ভবনের কক্ষের চাবি তাঁদের কাছে রয়েছে। তাঁরা ভবনটি কাউকে হস্তান্তর করেননি।
ফজলুল হক অভিযোগ করে বলেন, সিটি করপোরেশন ভবনটি কাউকে হস্তান্তর না করার কথা বললেও নিয়মিতভাবে নতুন ভবনে বিআরটিসির একটি কাউন্টার খোলা রয়েছে। যুবলীগের নেতা-কর্মীরাও ভবনে বসছেন। সম্প্রতি সিটি করপোরেশনের একজন কাউন্সিলরও একটি কক্ষে বসছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভবনের একটি কক্ষে বিআরটিসির কাউন্টার বসানো হয়েছে। তার ওপরেই একটি বড় সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতে লেখা রয়েছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের রাজপাড়া থানা শাখার কার্যালয়’। পশ্চিম পাশে টাঙানো রয়েছে রাজপাড়া থানা যুবলীগের ৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সাইনবোর্ড। বারান্দায় কয়েকটি প্লাস্টিকের চেয়ার রাখা আছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই চেয়ারগুলোতে যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা বসেন। সম্প্রতি ভবনের উত্তর পাশের একটি কক্ষে সিটি করপোরেশনের ৩ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলরের কার্যালয়ের সাইনবোর্ড টাঙানো হয়েছে। কয়েক দিন থেকে কাউন্সিলর নাদিরা বেগম সেখানে বসছেন।
এ ব্যাপারে রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাজপাড়া থানার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মিল্টন হকের সঙ্গে কথা বলতে বলেন। যোগাযোগ করা হলে মিল্টন হক বলেন, তাঁরা অস্থায়ীভাবে ওই ভবনে উঠেছেন। কোনো বরাদ্দ নেননি। সিটি করপোরেশন এই ভবন চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতিকে বরাদ্দ দেবে—এ কথা শুনে তিনি বলেন, ‘যখন দেয়, তখন দেখা যাবে।’
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে একতলা এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এটি চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতিকে দেওয়া হবে। তারা এর ওপরে পাঁচতলা পর্যন্ত নির্মাণ করতে পারবে।