ভবন হবে এক বছরে তাই ক্লাস ছাউনিতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিদ্যালয় ভবন নির্মাণের জন্য পুরোনো আধা পাকা ঘরটি নিলামে দিয়ে ভেঙে ফেলা হয়েছে। তাই খোলা মাঠের এক পাশে ছোট পরিসরে টিনের ছাউনি দিয়ে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ধুলাবালির কারণে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে অধিকাংশ শিক্ষার্থী। ১৬ মার্চ ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষ্মণপুর (বর্তমানে সালামনগর) গ্রামের লক্ষ্মণপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে খোলা মাঠে ছাউনি দিয়ে পাঠদান করতে দেখা যায়। খোলা মাঠে স্থান সংকুলান না হওয়ায় পাশের ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের দুটি ছোট কক্ষের মেঝেতেও গাদাগাদি করে চলছিল পাঠদান। বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, দাগনভূঞা উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ ৫১ লাখ ৪০ হাজার টাকায় ওই বিদ্যালয়ের তিন কক্ষের একটি ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। মেসার্স জহির এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নতুন ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। ২০১৪ সালের ১৩ এপ্রিলের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য গত জানুয়ারিতে নিলাম ডেকে নামমাত্র মূল্যে পুরোনো আধা পাকা ভবনটি বিক্রি করা হয়। কিন্তু শিক্ষার্থীদের পাঠদানের জন্য পুরোনো ভবনের টিন দিয়ে বিদ্যালয়ের খেলার মাঠের অন্য পাশে একটি অস্থায়ী ঘর নির্মাণের কথা থাকলেও তা করা হয়নি। এর বদলে শিক্ষার্থীদের জন্য ১০-১২টি টিন দিয়ে মাঠের এক পাশে ছোট একটি ছাউনি তৈরি করা হয়। এর চারপাশে কোনো বেড়াও দেওয়া হয়নি। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে মাত্র ২৪টি বেঞ্চ। এতে পাঠদানের সময় খোলা মাঠের ধুলাবালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিশুদের।খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৬৪ জন শিক্ষার্থী আছে। এ ছাউনির নিচে পাঠদান শুরু হওয়ার পর গড়ে প্রতিদিন ৩০ জন শিক্ষার্থীও উপস্থিত হচ্ছে না। অপরদিকে খোলা মাঠে স্থান সংকুলান না হওয়ায় কয়েক দিন ধরে ভাষাশহীদ সালাম স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের দুটি কক্ষের মেঝেতে গাদাগাদি করে বসিয়ে শিশুদের পাঠদান চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, চারদিকে খোলামাঠের ধুলাবালিতে পড়ালেখা করতে কষ্ট হচ্ছে। বিকল্প হিসেবে জাদুঘর ও গ্রন্থাগারের যে ঘর দুটিতে ক্লাস চালানো হচ্ছে, সেখানেও গাদাগাদি করে বসতে হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর নাহার ও খোদেজা বেগম জানান, খোলা মাঠে ছাউনি দেওয়া জায়গায় শিক্ষার্থীদের স্থান সংকুলান হয় না। তা ছাড়া ধুলাবালির কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। দাগনভূঞা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসিনা ইয়াসমিন বলেন, ‘বিদ্যালয়ের পুরোনো টিনের ভবনটি নিলামে দেওয়ার শর্ত ছিল, মাঠের এক পাশে পাঠদান-উপযোগী একটি কাঁচা ঘর নির্মাণ করতে হবে। কিন্তু সেই শর্ত পূরণ করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবাদল হক জানান, শ্রেণী কার্যক্রম চলবে মনে করে একটি ছাউনি নির্মাণ করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে সেখানে ক্লাস নেওয়া যাচ্ছে না। তাই বিদ্যালয়ের পাশের বাড়ির একটি ঘরে ক্লাস চালানোর বিষয়ে আলোচনা হচ্ছে।