ভবন হলেও চালু হয়নি জরুরি প্রসূতিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসূতিসেবার উদ্দেশ্যে প্রায় সাড়ে ৫৭ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের পর এক যুগ পেরিয়ে গেছে। কিন্তু এখনো চালু হয়নি মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতিসেবা (ইওসি) কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ইওসি প্রকল্পের মাধ্যমে ২০০৩ সালে প্রায় সাড়ে ৫৭ লাখ টাকা ব্যয়ে ইওসি বিভাগের ভবন নির্মাণ করা হয়। ওই বছরই ঠিকাদারি প্রতিষ্ঠান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করেন। এ বিভাগ চালুর জন্য প্রয়োজন ছিল একজন গাইনি সার্জন ও একজন অবেদনবিদ (অ্যানেসথেসিয়া) চিকিৎসক। কিন্তু দীর্ঘ ১২ বছরেও হাসপাতালে ওই দুজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ফলে বিভাগটির কার্যক্রম শুরুই করা সম্ভব হয়নি। এক দিনের জন্যও ভবনটির তালা খোলা হয়নি।
উপজেলা সদরের দুজন বাসিন্দা বলেন, এই বিভাগটি চালু হলে এলাকার অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যসেবায় অনেক উপকার হতো। বর্তমানে চিকিৎসার জন্য এ অঞ্চলের প্রসূতিদের রাজশাহী ও নওগাঁয় যেতে হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনোরঞ্জন মণ্ডল বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে জরুরি প্রসূতিসেবা বিভাগটি নির্মাণ করা হয়। কিন্তু দুজন চিকিৎসকের অভাবে বিভাগটি এখনো চালু করা যায়নি। এটি চালু করা হলে এ অঞ্চলে অন্তঃসত্ত্বা নারীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হতো।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ-উজ-জামান বলেন, ইওসি প্রকল্পের মাধ্যমে এ হাসপাতালে জরুরি প্রসূতিসেবা বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় বিভাগটির কার্যক্রমও চালু করা যায়নি। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এটি চালু রাখার কথা বলা হলেও সেটি আর হয়নি।
সিভিল সার্জন মোজাহের হোসেন বলেন, হাসপাতালটিতে প্রসূতিসেবা কার্যক্রম চালু রাখার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এটি চালু রাখার জন্য বারবার আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবে তা প্রতিফলিত হয়নি। প্রকল্পটি অনিশ্চয়তায় থাকায় চিকিৎসকও নিয়োগ দেওয়া যায়নি।