ভবন হলেও মেলেনি জনবল নিয়োগের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের জন্য নতুন ভবন উদ্বোধন করা হয়েছে প্রায় দেড় বছর আগে। ইতিমধ্যে খাদ্য ও ওষুধের অনুমোদন হয়েছে। তবে চিকিৎসকসহ জনবল নিয়োগের অনুমোদন মেলেনি। ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এই উপজেলার মানুষ।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার এই হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য ২০০৭-০৮ অর্থবছরে পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে দোতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। নতুন ভবনের দোতলায় ১৯ শয্যার একটি ওয়ার্ড, তিনটি অত্যাধুনিক অস্ত্রোপচারকক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার তৈরি করা হয়। এ ছাড়া চিকিৎসকদের থাকার জন্য ১২টি আবাসিক কোয়ার্টারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য পৃথক আবাসিক কোয়ার্টার নির্মাণ করা হয়েছে। ২০১৫ সালের ১৭ অক্টোবর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন ভবনের উদ্বোধন করেন। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় চিকিৎসক, লোকবল ও প্রশাসনিক অনুমোদন না থাকায় চালু হচ্ছে না ৫০ শয্যার কার্যক্রম। ৩১ শয্যার জন্য চিকিৎসকের পদ রয়েছে ১৪টি। তবে বর্তমানে কর্মরত আছেন ৬ জন চিকিৎসক। ৫০ শয্যার জন্য চিকিৎসকের পদ হবে ৪৯টি।

এ সম্পর্কে সিভিল সার্জন মো. আনোয়ার হোসেন বলেন, ৫০ শয্যার জন্য শুধু খাদ্য ও ওষুধের অনুমোদন পাওয়া গেছে। চিকিৎসকসহ লোকবল ও প্রশাসনিক অনুমোদন চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।

গত ৩১ মে হাসপাতালে গিয়ে দেখা যায়, নতুন ভবনের দোতলায় ১৯ শয্যার ওয়ার্ডটি তালাবদ্ধ। ভেতরে খাটগুলো এক পাশে জড়ো করা। এ ছাড়া প্যাকেটবন্দী হয়ে আছে কোটি টাকা ব্যয়ে কেনা প্রয়োজনীয় যন্ত্রপাতি। অস্ত্রোপচারকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) লাগানো রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন কর্মচারী বলেন, চার বছর আগে এসব এসি লাগানো হয়েছিল। ব্যবহার না করায় এগুলো নষ্ট হওয়ার পথে। পুরোনো ভবনটিতে ১৯ শয্যার ওয়ার্ডটির কার্যক্রম চলছে।

হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছেন গড়কান্দা এলাকার মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘ভাবছিলাম, স্বাস্থ্যমন্ত্রী যেহেতু ভবন উদ্বোধন করেছেন, তাহলে ৫০ শয্যার কার্যক্রম শুরু হতে দেরি হবে না। কিন্তু দেড় বছরেও কোনো কাজ হয়নি। ৫০ শয্যার ঘোষণা দেওয়ার পর বহির্বিভাগে চিকিৎসার জন্য টিকিট করতে হয়। কিন্তু সেবা তো সেই আগের মতোই।’

তারাগঞ্জ উত্তর বাজারের ব্যবসায়ী মানিক কুমার সাহা বলেন, এটি নামে মাত্র ৫০ শয্যার হাসপাতাল। দেড় বছরেও পূর্ণতা আসেনি। সামান্য আঘাত পাওয়া রোগীকেও অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়।

আমবাগান এলাকার গৃহিণী ফারজানা রুপা বলেন, ৫০ শয্যার কার্যক্রম চালু হলে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মসহ বিভিন্ন চিকিৎসায় সুযোগসুবিধা হতো। গরিব মানুষ সহজেই সেবা পেতেন। কিন্তু এখন বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে জেলা সদর বা অন্য কোথাও যেতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল বাশার বলেন, ৫০ শয্যার কার্যক্রম চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার পত্র পাঠানো হয়েছে। কিন্তু অনুমোদন পাওয়া যায়নি। ৫০ শয্যার কার্যক্রম চালু হলে রোগীরা উপকৃত হবেন।