ভবন হস্তান্তরের আগেই ছাদ চুইয়ে পড়ছে পানি
গাইবান্ধা জেলায় খাদ্যগুদামের ছয়টি ভবন নির্মাণের কাজ শেষ। এখন হস্তান্তরের অপেক্ষা। কিন্তু এরই মধ্যে গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকার পূর্ব পাশে নির্মিত একটি গুদামের ছাদ দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে।জেলা খাদ্যনিয়ন্ত্রক সাইফুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে গণপূর্ত বিভাগ ওই গুদাম ভবনটি বুঝে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু ত্রুটিপূর্ণ অবস্থায় বুঝে নিলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অপারগতা প্রকাশ করা হয়েছে।শহরের খানকা শরীফ এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ‘আমার দোকানের পাশেই এই ভবন। গত কয়েক দিনের ঝড়-বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়তে দেখেছি।’ একই এলাকার প্রত্যক্ষদর্শী চাকরিজীবী জাহাঙ্গীর আলম ও ব্যবসায়ী মো. মিতা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে ত্রুটিপূর্ণ কাজ করার কারণে নতুন ভবনের ছাদ চুইয়ে পানি পড়ছে। শহরের সাদুল্যাপুর সড়কের সুজা মিয়া বলেন, ‘নবনির্মিত ভবনের পাশেই আমার বাড়ি। নির্মাণের সময় ব্যবহূত ইট ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তখন এলাকাবাসী বাধা দিয়েছে এবং জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে। কিন্তু কোনো কাজ হয়নি।’গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা ছাদ চুইয়ে পানি পড়ার কথা স্বীকার করে বলেন, বৈদ্যুতিক পাইপ স্থাপনসহ নানা ত্রুটির কারণে নতুন ছাদে ত্রুটি দেখা দিতে পারে। তবে তা মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।খাদ্যগুদাম নির্মাণের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার রফিক কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রফিক প্রথম আলোকে বলেন, ‘নতুন ভবন, পানি পড়তে পারে। তবে ত্রুটিপূর্ণ স্থান সংস্কার করে দেওয়া হবে।’ গাইবান্ধা গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকায় পাঁচটি এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ায় একটি সরকারি খাদ্যগুদাম নির্মাণের কাজ শুরু হয়। এ জন্য তিনটি গুচ্ছে প্রায় ১০ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে গুদাম নির্মাণের কাজ শেষ হয়েছে। ৩০ জুনের মধ্যে হস্তান্তরের কথা।