ভবন হস্তান্তরের তিন মাসেই দেয়ালে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেলসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ভবনধসের আতঙ্কে আছে।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, গত ১ জানুয়ারি বিদ্যালয়ের নবনির্মিত ভবনটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়। মার্চের মাঝামাঝিতে ভবনের দেয়ালে ফাটল দেখা যায়।এলজিইডি সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় ২০১১-১২ অর্থবছরে উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নে বেলসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। মো. ইউসুফ আলী নামের একজন ঠিকাদার ভবন নির্মাণের কাজ করেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলায়েত হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। মার্চের মাঝামাঝিতে শিক্ষার্থীরা দেয়ালে ফাটল দেখে বিষয়টি শিক্ষকদের জানায়। পরে তিনি বিষয়টি উপজেলা শিক্ষা কার্যালয়ে জানান। ‘বিদ্যালয়বিহীন এলাকায় এক হাজার ৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় পীরগঞ্জে যে চারটি প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে, তার মধ্যে বনুয়াপাড়া ও বেলসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। এই দুটি বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলছে। কিন্তু নবনির্মিত এই দুটি বিদ্যালয়ের ভবনেই ফাটল দেখা দিয়েছে। প্রসঙ্গত, ‘পীরগঞ্জের বনুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবন হস্তান্তরের দেড় মাসেই ফাটল’ শিরোনামে ২০ মে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।নির্মাণকাজের ঠিকাদার মো. ইউসুফ আলী বলেন, ‘ভবনের বিমের ঢালাইয়ের সঙ্গে দেয়ালের গাঁথুনির সম্পূর্ণরূপে জোড়া না-ও লাগতে পারে। এতে খুব একটা ক্ষতির কারণ নেই। তবে দরকার হলে মেরামত করে দেওয়া হবে।’