ভবন হস্তান্তরের দেড় মাসেইফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন বুঝিয়ে দেওয়ার মাত্র দেড় মাসের মধ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনটি নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্থানীয় লোকজন ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা অভিযোগ করেছেন।

এলজিইডির পীরগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্প’-এর আওতায় ২০১১-১২ অর্থবছরে পীরগঞ্জ উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে ৪৭ লাখ ৯৬ হাজার ৫৫০ টাকার চুক্তিমূল্যে পীরগঞ্জের দৌলতপুর ইউনিয়নের বনুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়। সিরাজুস সালেকিন নামের এক ঠিকাদার বিদ্যালয় ভবনের নির্মাণকাজ করেন। ২০১২ সালের ১৮ মার্চ কাজ শুরু হয়ে ২৫ নভেম্বর শেষ হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপদ ভঞ্জন রায় বলেন, তিনতলা ভিত্তির একতলা এই ভবনটি গত ১ জানুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে বুঝিয়ে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ফাটল চোখে পড়ে।

১৬ মে দুপুরে সরেজমিনে দেখা গেছে, পাঁচ কক্ষের ভবনের প্রতিটি কক্ষের দেয়াল, ভবনের পেছনে ও বারান্দায় এবং মেঝের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, ফাটল দেখা দেওয়ার পর ঠিকাদারের লোকজন সেগুলোতে সিমেন্ট দিয়ে এবং বারান্দার অংশে রং করে ঢাকার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। ফাটলগুলো আবার স্পষ্ট হয়ে ওঠে। এখন আর কেউই বিদ্যালয়ের খোঁজখবর নেয় না। তাঁরা অভিযোগ করেন, ভবনটির নির্মাণকাজ চলাকালে এলজিইডির কোনো প্রকৌশলী বা প্রতিনিধি কাজের তদারকি করেননি। ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করে ভবনটি নির্মাণ করেছেন।

এলজিইডির পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান সরদার বলেন, ঠিকাদারের ১০ শতাংশ টাকা জামানত হিসেবে রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে গতকাল রোববার মুঠোফোনে ঠিকাদার সিরাজুস সালেকীন বলেন, ভবনে ফাটল ধরার ব্যাপারটি উপজেলা প্রকৌশলী তাঁকে বলেছেন। তিনি ঢাকা থেকে ফিরেই স্কুলটি দেখে ব্যবস্থা নেবেন।

এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী শাহনুর ইসলাম বলেন, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।