ভবনগুলো হেলেই থাকবে?

দেড় বছরে রাজধানীর বিভিন্ন স্থানে ভূমিকম্পসহ নানা কারণে অন্তত পাঁচটি বহুতল ভবন হেলে পড়লেও সেগুলোর একটিও ভাঙা হয়নি। ঝুঁকিপূর্ণ হলেও অন্তত দুটি ভবনে বসবাস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে। তিনটি ভবন খালি করে দেওয়া হলেও সেগুলো বিপজ্জনকভাবে হেলে আছে পার্শ্ববর্তী ভবনের গায়ে। এগুলো ভাঙার কোনো উদ্যোগ নেই।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন, হেলে পড়া এসব ভবন দ্রুত ভেঙে ফেলার ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যদি কোনো ভবনে লোকজনের বসবাস না-ও থাকে, তাহলেও আশপাশের ভবন ও লোকজনের বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কা থাকে।
হেলে পড়া ভবনেই বসবাস
গত বছরের ১ মে যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকার সাততলা একটি ভবন হেলে পড়ে। এ ঘটনার পরপরই সেখানকার বাসিন্দাদের বের করে দিয়ে ভবনটি সিলগালা করে দেয় রাজউক। সেখানে গিয়ে দেখা যায়, ৩৫/৫ নম্বরের জরাজীর্ণ ভবনটি এখনো একদিকে কাত হয়ে থাকলেও ১৫টি পরিবার সেখানে বসবাস করছে।
ভবনের একটি অংশের মালিক মাহাবুব আলম জানান, এ ঘটনার তিন মাসের মধ্যে তাঁরা আবার এই ভবনে উঠেছেন। এর আগে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে একটি পর্যবেক্ষক দল এসে ভবন পরিদর্শন করে ভবনের ওপরের দুটি তলা ভেঙে ফেলার পরামর্শ দেন। সে অনুসারে কাজ করার পর রাজউক তাঁদের আবার এই ভবনে থাকার অনুমতি দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের জোন-৬-এর অথরাইজড কর্মকর্তা এ কে এম ফজলুর রহমান এই প্রতিবেদককে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। পরে জেনে আপনাকে জানাতে পারব।’
বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল মুক্তাদিরকে ভবনের ছবি দেখানো হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘ছবিতে যে অবস্থা দেখতে পাচ্ছি, তাতে করে ওপরের একটি কিংবা দুটি তলা ভেঙে ভবনটিকে ঝুঁকিমুক্ত করা সম্ভব নয়।’
বাঁশের ঠেকায় দাঁড়ানো ভবন
চলতি বছরের এপ্রিলের শুরুর দিকে বিজয় সরণির পদচারী-সেতুটির কোল ঘেঁষে এয়ারপোর্ট রোড সুপার মার্কেট নামের পাঁচতলা একটি ভবনের একটি অংশ হেলে পড়ে। রাজউকের একটি প্রতিনিধিদল ওই অংশের তিনটি ফ্লোরে অবস্থিত একটি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়। সেখান থেকে ভারি যন্ত্রপাতিও সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় তারা। বুয়েট থেকে পর্যবেক্ষক দল ভবন পরীক্ষা করিয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবনটি (বিপণিবিতান) কাত হয়ে পাশের আরও দুটি ভবনের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে গেছে। সেখানে বাঁশের ঠেকা দিয়ে হেলে পড়া ঠেকানোর চেষ্টা করা হয়েছে। নিচের দিকের একটি স্তম্ভে বড় ফাটল চোখে পড়ে। তৈরি পোশাক কারখানার নিরাপত্তারক্ষীরা এই প্রতিবেদককে বলেন, কারখানা বন্ধ আছে। যন্ত্রপাতিগুলো সরিয়ে নেওয়া হবে।
তবে ভবনের অন্য অংশের শতাধিক দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম চলছে।
পাশের একটি ভবনের বাসিন্দা আইনুল হক বলেন, ‘বাসার জানালা দিয়ে প্রতিদিন আমাকে হেলে পড়া ওই অংশটি দেখতে হয়। একটু বাতাস হলেই ভয় করে।’
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের জোন-৫-এর অথরাইজড কর্মকর্তা এ জেড এম শফিউল হান্নান বলেন, ‘আমরা শুনেছি, ভবনের মালিক বুয়েটের পর্যবেক্ষক দল দিয়ে ভবনের ওই অংশটি পরীক্ষা করিয়েছেন। তবে সেই প্রতিবেদন এখনো আমরা হাতে পাইনি।’
বাঁশের ঠেকা দিয়ে ভবন হেলে যাওয়া ঠেকানো সম্ভব কি না, জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা কীভাবে সম্ভব? আমি খোঁজ নিচ্ছি।’
ভবনগুলো কে ভাঙবে?
চলতি বছরের ১৩ এপ্রিল ভূমিকম্পের পরপর রাজধানীর কদমতলীতে মোহাম্মদবাগ কলেজ রোডে একটি চারতলা ভবন পাশের একটি ছয়তলা ভবনের ওপর হেলে পড়ে। ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন তাৎক্ষণিকভাবে দুটি ভবনেরই বাসিন্দাদের বের করে দেন। পরদিন রাজউক কর্মকর্তারা দুটি ভবনে নির্মাণত্রুটি রয়েছে জানিয়ে ভবন দুটি সিলগালা করে দেন। এ ছাড়া বুয়েটের বিশেষজ্ঞ দল দিয়ে ভবন দুটি পরীক্ষা করানোর নির্দেশও দেওয়া হয়।
গত শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবন দুটি আগের মতোই তালাবদ্ধ। ভবনের মালিকদের পাওয়া যায়নি।
একই অবস্থা কদমতলীর জনতাবাগ এলাকার পাঁচতলা একটি ভবনের। তিতাস গ্যাস সড়কের এই ভবনটি ফেব্রুয়ারি মাসে পাশের একটি নয়তলা ভবনের ওপর হেলে পড়ে। ভবনটি এখনো একই অবস্থায় আছে।
এ বিষয়ে রাজউকের জোন-৮-এর অথরাইজড কর্মকর্তা আশীষ কুমার সাহা বলেন, ‘ভবনগুলোর কোনো মালিকেরই খোঁজখবর নেই। আর কিছুদিন অপেক্ষা করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
এদিকে জানুয়ারি মাসের শুরুতে মোহাম্মদপুর তাজমহল রোডের মিনার মসজিদের কাছে একটি চারতলা ভবন হেলে পড়ার পর ঝুঁকিপূর্ণ বিবেচনায় সাত দিনের মধ্যে সেটি ভেঙে ফেলার জন্য এর মালিককে নির্দেশ দেয় রাজউক। গত সোমবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওপরের একটি তলা ভেঙে ফেলা হলেও ভবনটি পাশের একটি ভবনের সঙ্গে হেলে পড়া অবস্থায় আছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজউকের জোন-৩-এর পরিচালক খন্দকার অলিউর রহমান বলেন, বুয়েট থেকে ওপরের দুটি তলা তাৎক্ষণিকভাবে এবং নিচের দুটি তলা দুই বছরের মধ্যে ভেঙে ফেলার পরামর্শ দেয়। সে অনুযায়ী ওপরের তলা ভাঙার সময় দেয়ালে চিড় ধরায় এখন ভাঙার কাজ বন্ধ রয়েছে।
স্থপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই ভবনগুলোর নকশা কাত করে করা হয়নি। এগুলো হেলে পড়েছে বা কাত হয়ে গেছে। এ অবস্থায় একটি ভূমিকম্প কিংবা অল্প বাতাসেই এটি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা থাকে। তাই ঝুঁকি থেকেই যায়।’
এসব ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে আসমাউল হোসেন বলেন, ‘আইন অনুসারে এটা রাজউক পারে, আবার সিটি করপোরেশনও পারে। এখন কে ভাঙবে জানি না।’