ভবনটি এভাবে হেলেই থাকে!
চট্টগ্রাম নগরের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় দুটি বহুতল ভবন লেগে আছে। একটি সাত তলা এবং অন্যটি পাঁচ তলা। সাত তলা ভবনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, পাঁচ তলা ভবনটি তাদের ভবনে হেলে পড়েছে। তবে পাঁচ তলা ভবনের মালিক দাবি করেন, হেলে পড়ার খবর ঠিক নয়। পাশের ভবন তৈরির সময় জায়গা না ছেড়ে ব্যালকনি করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, ‘চাঁদ নিবাস’ নামের পাঁচ তলা ভবনটি পাশের সাত তলার রিলায়েন্স প্লাজার সঙ্গে লেগে আছে। ভবনের মালিক সিরাজুদ্দৌলা সৌদিপ্রবাসী। তিনি দাবি করেন, ‘আমরা ১৪ বছর আগে এ বাড়ি বানিয়েছি। তিন বছর আগে রিলায়েন্স প্লাজা তৈরির পর থেকেই তারা অপরিকল্পিতভাবে ব্যালকনি বাড়ায়। এ কারণে আমাদের ভবনটি হেলে পড়েছে মনে হচ্ছে।’সিডিএ ১৭ নম্বর সড়কে অবস্থিত চাঁদ নিবাসের পাশের রিলায়েন্স ভবনের মালিক আবুল কাশেম। এ ভবনে আয়কর বিভাগের ২৩টি কার্যালয় রয়েছে। সেখানে কর্মরত অতিরিক্ত কর কমিশনার মো. দবির উদ্দিন বলেন, ‘বিকেল চারটার দিকে আমরা ছয় তলার ব্যালকনির সঙ্গে পাশের ভবন হেলে পড়তে দেখি। তখন সংশ্লিষ্টদের বিষয়টি জানাই।’