ভবনটি নিলামে বিক্রির সময়ও পাওয়া গেল না
যমুনার ভাঙনের কবলে পড়ায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আংগারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনটি নিলামে বিক্রির জন্য ২৪ ঘণ্টা সময়ও পেলেন না কর্মকর্তারা। ইতিমধ্যে ভবনটি নদীগর্ভে চলে গেছে।
উপজেলা প্রশাসন ও বিদ্যালয়-সংশ্লিষ্ট সূত্র জানায়, মাস খানেক ধরে উপজেলার গজারিয়া ইউনিয়নে যমুনার ভাঙন তীব্র আকার ধারণ করে। সম্প্রতি আংগারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনটি ভাঙনের মুখে পড়ে। এ পরিস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এটি নিলামে বিক্রির জন্য গত রোববার দুপুরে বিদ্যালয় পরিদর্শনে যান। ভাঙনের তীব্রতা দেখে তারা ওই দিনই এলাকায় মাইকিং করেন। মাইকিংয়ের সময় ভবনটি গতকাল সোমবার প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়। গতকাল দুপুরে উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, অন্য কর্মকর্তা ও ঠিকাদারেরা সেখানে যান। কিন্তু গিয়ে দেখেন ভবনের বেশির ভাগ অংশ নদীগর্ভে চলে গেছে। পরে অনন্যোপায় হয়ে নিলাম না ডেকে তাঁরা ফিরে আসেন। গত রাতে ভবনটি পুরোপুরি নদীগর্ভে চলে যায়।
উপজেলা প্রকৌশলী আকতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৯ সালে এলজিইডি ২৮ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের দোতলা ভবনটি নির্মাণ করে।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়টি নদীতে দেবে যাওয়ার কারণে নিলাম দেওয়া সম্ভব হয়নি। তবে শুকনো মৌসুমে নদীতে পড়ে যাওয়া ভবনটি নিলাম দেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ পাঠান বলেন, ‘ভবন বিলীন হওয়ায় প্রায় সাড়ে তিন শ ছাত্রছাত্রী নিয়ে আমি এখন বিপাকে পড়েছি।’