সাভারে ভবনধসের ঘটনা বাংলাদেশে শ্রমিকদের সুরক্ষা প্রদান করার অত্যাবশ্যকীয়তাকে সামনে নিয়ে এসেছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেছে।বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতি দিতে এবং কারখানাগুলোর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের প্রচলিত পদ্ধতির খুঁটিনাটি পরীক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘কারখানাগুলোতে শ্রমিক নিহত হওয়ার লম্বা ইতিহাস থেকে এটা বলা যায় যে এই বিয়োগান্ত ঘটনার বিষয়ে দুঃখজনকভাবে আগেই অনুমান করা হয়েছিল। সরকার, কারখানার মালিকেরা এবং আন্তর্জাতিক পোশাক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে শ্রমিকদের বিশ্বের মধ্যে সবচেয়ে কম মজুরি দিয়ে থাকে; অথচ সারা বিশ্বের মানুষের গায়ে যাঁরা পোশাক তুলে দেন, সেই মানুষগুলোর জন্য নিরাপদ অবস্থা নিশ্চিত করার বিষয়ে তাদের মধ্যে কোনো ভব্যতা নেই।’বাংলাদেশে ভবনধস ও অগ্নিকাণ্ডে শ্রমিক হতাহতের ঘটনার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশটিতে কর্মস্থলের নিরাপত্তা-অবস্থা পরিদর্শনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল। নিয়োগকর্তারা বাংলাদেশ শ্রম আইন মেনে চলছেন কি না, তা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা শ্রম মন্ত্রণালয়ের পরিদর্শন বিভাগে জনবলের তীব্র ঘাটতি রয়েছে। শ্রম আইন না মানা হলে আইনের আওতায় জরিমানা ও জেলের বিধান থাকলেও তা যথোপযুক্ত নয়।