ভবনধসের আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণের এক যুগ না যেতেই খাগড়াছড়ির দীঘিনালার কড়ইতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় ভবন ধসে পড়ার ভয়ে অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কড়ইতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯৮-৯৯ অর্থবছরে ছয় লাখ চার হাজার ৭৫৭ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবন নির্মাণ করে। কিন্তু এরই মধ্যে ভবনের ছাদসহ বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ে লোহা বের হয়ে এসেছে। ভবন ধসে পড়ার ভয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চায় না। সম্প্রতি কড়ইতলী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চারজন শিক্ষকের মধ্যে মাত্র একজন শিক্ষক একটি কক্ষে ১১ জন শিক্ষার্থীকে পড়াচ্ছেন। পাঠদানের সময় শিক্ষার্থীদের বারবার বিদ্যালয়ের ছাদের দিকে তাকাতে দেখা যায়। শিক্ষিকা জয়া চাকমা বলেন, ভবনে ফাটল দেখা দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। গত বছর শতাধিক শিক্ষার্থী ছিল। এ বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থী মাত্র ৬৬ জন। তাও দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না। বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি পড়ে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মণি স্বপন চাকমা বলে, ‘বিদ্যালয়ে ঢুকতে ভয় লাগে। বৃষ্টি হলে ভিজে যাই। ভয়ে আমাদের সহপাঠীরা বিদ্যালয়ে আসতে চায় না। অনেকে অন্য বিদ্যালয়ে চলে গেছে।’ কড়ইতলী গ্রামের অভিভাবক তুষার কান্তি চাকমা বলেন, সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকেরা। সাভারে ভবনধসের পর ভয়টা আরও বেড়ে গেছে। আকাশ মেঘলা হলে অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয় থেকে নিয়ে আসেন। তিনি বলেন, গ্রামের অনেকে তাঁদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি ৮ মে যোগদান করেছি। এখনো বিদ্যালয়টি পরিদর্শন করা হয়নি। তবে দ্রুত বিদ্যালয়টি পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেব।’ এ প্রসঙ্গে এলজিইডির উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হালদার বলেন, মাত্র ১২ বছরে একটি ভবনের এই অবস্থা হওয়ার কথা নয়।