নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদ, বিম ও দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ফলে এ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।মল্লিকপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অশোক কুমার দাস বলেন, ‘এ ভবনটি ব্রিটিশ আমলের তৈরি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এটি ইউনিয়ন ভূমি কার্যালয় হিসেবে ব্যবহূত হচ্ছে। সাভারের রানা প্লাজা ধসের পর থেকে আতঙ্কে আমরা একাধারে ১০ মিনিটও ভেতরে বসি না। বারান্দায় বা বাইরে চলে আসি। মাঝেমধ্যে অফিসের কাজ করতে চেয়ার-টেবিল নিয়ে বাইরেও বসি।’ সরেজমিনে দেখা গেছে, দোতলা ওই ভবনের ছাদ, প্রতিটি দেয়াল ও বিমে ফাটল ধরেছে। পলেস্তারা খসে পড়ছে। ছাদের ওপর জন্মানো গাছপালার শিকড় ভবনের ভেতরে চলে এসেছে। কর্মচারীরা দোতলা ছেড়ে নিচতলার একটি কক্ষ ব্যবহার করছেন। তাদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। আতঙ্কে শুধু ছাদের দিকে তাকাচ্ছেন। আর সেবাগ্রহীতারা ভয়ে ভেতরে না গিয়ে বারান্দায় দাঁড়িয়ে কথা সারছেন। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান বলেন, ‘ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। তাই এই অফিস অন্যত্র সরানোর জন্য জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে।’