দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন গুনাহার ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের দোতলা ভবনের নির্মাণকাজ আট বছর আগে শুরু হয়েছে। কিন্তু নির্মাণকাজ সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০৬ সালে বিল তুলে নিয়ে চলে গেছে। তাই ভবনটি কোনো কাজে লাগছে না।১১ আগস্ট বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, গুনাহার ইউনিয়ন পরিষদের পাশে স্বাস্থ্য উপকেন্দ্রের দোতলা ভবনের প্রধান গেট তালাবদ্ধ। ভবনের চারপাশের জমিতে ধান চাষ করা হয়েছে। ভবনের দরজা-জানালার কাঠের তৈরি পাল্লা ও চৌকাঠ নষ্ট হয়ে ভেঙে গেছে। ইউনিয়ন পরিষদের পুরোনো একটি কক্ষ ও বারান্দায় গাদাগাদি করে টেবিল-চেয়ার বসিয়ে অফিসের কর্মীরা কাজকর্ম করছেন। পাশেই গাছতলায় বসে রোগী দেখছেন চিকিৎসক।স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসক আজিজুল হক বলেন, উপজেলার জিয়ানগর ও আদমদীঘির রায়কালী ইউনিয়নের মানুষ এখানে চিকিৎসা নিতে আসে। প্রতিদিনই রোগীর চাপ থাকে। ছোট্ট ওই কক্ষে বসার জায়গা হয় না বলে রোগীদের চাপেই মাঠে বসতে হয়।বগুড়া স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০২ সালের আগস্ট মাসে ৩২ লাখ পাঁচ হাজার ১৪০ টাকা ব্যয়ে ওই স্বাস্থ্য উপকেন্দ্রের নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বানের মাধ্যমে বগুড়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আজিজুল ইসলাম এ কাজ পান। ২০০৩ সালের ২৩ জুলাই কার্যাদেশ দেওয়া হয়। এতে ২৭০ দিনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ওই ঠিকাদার বিভিন্ন মেয়াদে প্রায় তিন বছরে ভবনটির সিংহভাগ নির্মাণ করেন। কিন্তু ভবনের ভেতরের মেঝে ঢালাই, দেয়ালের পলেস্তারা, বাথরুম ও টয়লেটের ফিটিং, পানি, বিদ্যুৎ ও পয়োনিষ্কাশনের সেপটিক ট্যাংক এবং ভবনের চারপাশের মাটি ভরাটসহ বিভিন্ন কাজ অসম্পন্ন রাখেন। যে কাজ করা হয়েছে তাও নিম্নমানের হওয়ায় তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই কাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এর পর থেকেই ওই ভবনের কাজ বন্ধ হয়ে যায়। ফলে ভবনটি আর হস্তান্তর করা হয়নি।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, ওই ভবনের ঠিকাদার তদানীন্তন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগসাজশ করে নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে চূড়ান্ত বিল তুলে নিয়েছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফজাল হোসেন তরফদার বলেন, ‘ভবনটির নির্মাণকাজ নিয়ে বারবার লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না।’বগুড়ার সিভিল সার্জন আবদুল হক বলেন, ‘ওই স্বাস্থ্য উপকেন্দ্রের ভবনের নির্মাণকাজ সম্পন্ন না করেই ঠিকাদার সটকে পড়েছেন। ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করার জন্য আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বারবার তাগিদ দিয়েছি।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকানা নিয়ে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আনোয়ার আলী বলেন, ‘আমার মনে হয়, আগের বরাদ্দের সব টাকা শেষ হয়নি। বর্তমানে নতুন করে বাকি কাজের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে এবং তা অনুমোদনও হয়েছে। খুব শিগগিরই বাকি কাজের দরপত্র দিয়ে কাজ শুরু করা হবে।’