ভবনে পলেস্তারা ও রং করার আহ্বান সাঈদ খোকনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন। ফাইল ছবি
সাঈদ খোকন। ফাইল ছবি

আগামী ৮ জুনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব অপরিচ্ছন্ন ভবনের পলেস্তারা ও রং করতে ভবন মালিকদের অনুরোধ জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।
সাঈদ খোকন বলেন, ডিএসসিসির এলাকার অনেক বাড়ির রং নষ্ট হয়েছে। কিছু বাড়ি নির্মাণের পর পলেস্তারাও করা হয়নি। এসব ভবনকে নির্ধারিত সময়ের আগে পলেস্তারা ও রং করতে হবে। একই ভাবে সব সরকারি ও বেসরকারি ভবনে পলেস্তারা ও রং করতে হবে। তা না করলে আগামী ৮ জুনের পর ভবন মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সাঈদ খোকন বলেন, ‘এই সময়ের মধ্যে নগরীর প্রতিটি বাড়ির মালিক ও বাসিন্দাদের তাদের বাসার আশপাশ ও আঙিনা পরিষ্কার রাখতে হবে। যাতে একটি সুন্দর নগরী নতুন প্রজন্মকে আমরা উপহার দিতে পারি।’
মেয়র সাঈদ খোকন বলেন, ‘ভবনের রং না করলে আইনে ভবন মালিকের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান আছে। কিন্তু আমি কাউকে জরিমানা বা অন্য দণ্ড দিতে চাই না। আমরা চাই একটি সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে।’

সংবাদ সম্মেলনে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামালসহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।