ভবনে ফাটল, নারায়ণগঞ্জে দুই কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের চাষাঢ়ার জামতলায় অবস্থিত একটি পোশাক কারখানার দেয়ালে ফাটল দেখা দেওয়ায় সাত দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। পাঁচতলার আবাসিক ভবনের অনুমোদন নিয়ে ছয়তলা নির্মাণ করে বাণিজ্যিক কাজে ব্যবহার করায় মালিকপক্ষকে নোটিশ দিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।এদিকে সিদ্ধিরগঞ্জে পিপিলন নিটওয়্যার লিমিটেড নামের আরেকটি পোশাক কারখানার ভবনে ফাটল দেখা দেওয়ায় কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।১২৩ নম্বর নিউ চাষাঢ়ার জামতলার ভবনটির পূর্ব পাশের বিভিন্ন কলামে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফাটল দেখা দিলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ওই দিনই সিটি করপোরেশনের নির্দেশে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।অনুসন্ধানে জানা গেছে, চাষাঢ়ার ওই ভবনের মালিকের নাম কামাল হোসেন। তিনি সপরিবারে ভবনটির দোতলায় থাকেন। ভবনের নিচতলায় গুদাম, তৃতীয় ও চতুর্থ তলায় প্রিন্ট কারখানা। পঞ্চম ও ষষ্ঠ তলায় রয়েছে উদয়ন সোয়েটার কারখানা। সেটিরও মালিক কামাল হোসেন। ওই সোয়েটার কারখানা ২০১০ সালে বিকেএমইএর সদস্য হয়। আবাসিক ভবনে অবস্থিত রপ্তানিমুখী সোয়েটার কারখানা কীভাবে বিকেএমইএর অনুমোদন পেল, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ বলেন, কামাল হোসেন ২০০৬ সালে পৌরসভা থেকে পাঁচতলা আবাসিক ভবনের নকশার অনুমোদন নেন। কিন্তু তিনি অবৈধভাবে ছয়তলা ভবন নির্মাণ করেছেন। দুটি ছাড়া সব তলাতেই পোশাক কারখানার ভারী যন্ত্রপাতি বসানো হয়েছে। ভবনটির পূর্ব পাশে প্রতিটি তলার কলামে ফাটল দেখা দিয়েছে। সিটি করপোরেশনের একটি পরিদর্শক দল গত বৃহস্পতিবার ভবনটি পরিদর্শন করে মালিকপক্ষকে সাত দিনের জন্য কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয়। ভবনটির বাণিজ্যিক ব্যবহার বন্ধে শনিবার সকালে মালিককে লিখিত নোটিশ দেওয়া হয়েছে।আবাসিক ভবনে অবস্থিত পোশাক কারখানা কীভাবে অনুমতি পেল, তা জানতে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আগামী সাত দিন কারখানা বন্ধ রাখার জন্য কামাল হোসেনকে চিঠি দেওয়া হয়েছে।কামাল হোসেনের খোঁজে গেলে ভবনের নিরাপত্তারক্ষীরা তিনি বাড়িতে নেই বলে জানান। এ সময় তাঁর মুঠোফোন নম্বর দিতেও রাজি হননি তাঁরা।সিদ্ধিরগঞ্জে পিপিলন নিটওয়্যার লিমিটেড নামের আরেকটি পোশাক কারখানায় ফাটল দেখা দিলে গত শুক্রবার রাতে পুলিশের একটি দল কারখানাটি পরিদর্শন করে। এ সময় সিটি করপোরেশনের প্রকৌশলীদের পরিদর্শনের প্রতিবেদন না দেওয়া পর্যন্ত মালিকপক্ষকে কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (ক অঞ্চল) মো. আহসান জানান, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত চারতলা ভবনে ভাড়া নেওয়া পিপিলন নিটওয়্যার লিমিটেডের দোতলায় ফাটল দেখা দিয়েছে বলে শ্রমিকেরা অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। ফাটলটি বিপজ্জনক কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। সিটি করপোরেশনের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে ভবনের মালিক খায়রুল আলম বলেন, ‘আমার ভবনে ফাটল ধরেনি। দুটি দেয়ালের সংযোগস্থলে চিড় ধরেছে।’পিপিলনের মালিক নুর আলম চৌধুরী বলেন, ‘ভবনের বেইজমেন্টে কোনো সমস্যা নেই। আতঙ্ক সৃষ্টির জন্য এসব করা হচ্ছে। বিজিএমইএর ঘোষণা অনুযায়ী শনি ও রোববার কারখানা বন্ধ রাখা হয়েছে।’নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, সিটি করপোরেশনের প্রকৌশলীদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৌশলীদের প্রতিবেদনের পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।