ভবনে ফাটল ও হেলে পড়ার আতঙ্কে কারখানায় ছুটি
ভবনে ফাটল ও হেলে পড়ার আতঙ্কে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানা দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।এলাকাবাসী ও কারখানা কর্তৃপক্ষ জানায়, কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ভবনের নিচতলায় হামদর্দের বিক্রয় কেন্দ্র, দোতলায় একটি ব্যাংকের শাখা ও ওপরের তিনটি তলায় ‘এন কে সোয়েটার লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ভবনে ফাটল ও হেলে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার প্রায় ৪০০ শ্রমিক নিচে নেমে আসেন। খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ ভবন পরিদর্শন করেন।সঞ্জীব কুমার দেবনাথ জানান, ভবনটিতে সর্বসাধারণের যাতায়াত ও কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পোশাক কারখানার কর্মকর্তারা বলেন, প্রশাসনের নির্দেশের আগেই তাঁরা কারখানায় দুই দিনের ছুটি ঘোষণা করেছেন। এদিকে ভবনের সামনে কারখানা কর্তৃপক্ষের ঝোলানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিজ্ঞ প্রকৌশলী দিয়ে ভবনটি পরীক্ষা করা হবে। পরীক্ষার পর প্রকৌশলীরা ভবনটি ঠিক আছে বলে মতামত দিলেই কারখানা চালু করা হবে।কারখানার পরিচালক রুহুল আমিনের দাবি, ভবনে কোনো ফাটল দেখা দেয়নি বা হেলেও পড়েনি। তিনি বলেন, তার পরও যেহেতু আতঙ্ক ছড়িয়েছে, সে জন্য প্রকৌশলীদের পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক গোলাম মোস্তফা বলেন, প্রকৌশলী দিয়ে পরীক্ষার আগে যাতে ভবনে কোনো কাজ না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে।