
ভূমিকম্পের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ৮৮ নম্বর চরপাচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান (ক্লাস) চলছে বিদ্যালয়ের মাঠে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার পূর্ব দিকে মধুমতী নদীর চরাঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। চরঘোনাপাড়া, চরপাচাইল, চরপরানপুর ও চরসুচাইল—এ চারটি গ্রামের শিশুরা এ বিদ্যালয়ের শিক্ষার্থী। এখানকার বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ২৮৮ জন। ১৯৯৮ সালে বিদ্যালয়ের একতলা ভবনটি নির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, চার কক্ষবিশিষ্ট ভবনের দেয়ালের উত্তর পাশে ফাটল ধরেছে। ছাদ, বিম ও পিলারের অধিকাংশ জায়গায় ফাটল দেখা দিয়েছে। খসে পড়েছে ছাদ ও দেয়ালের পলেস্তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মনিরুল ইসলাম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ওই ভবনে ক্লাস নেওয়া ঠিক হবে না। তাই এলাকাবাসী, ব্যবস্থাপনা কমিটি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খোলা মাঠে ক্লাস নেওয়া হচ্ছে। ধুলাবালি ও রোদে বসে এভাবে লেখাপড়া হয় না। শিক্ষার্থীদের মনোযোগও নষ্ট হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফায়েক আলী খান বলেন, পুরো ভবনটি এখন যেকোনো সময় ধসে পড়তে পারে। ওই ভবনে ঝুঁকি নিয়ে কোনোভাবে ক্লাস করা সম্ভব নয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ৪ জানুয়ারি ভূমিকম্পে ভবনে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ ওই ভবনে ক্লাস নিতে নিষেধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা বলেন, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।