ভবনে ফাটল, গাছতলায় পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পের কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ভবনটি ধসে পড়ার আশঙ্কা থাকায় গাছতলায় প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯১০ সালে ৬৪ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ১০ এবং শিক্ষার্থী ৩২৮ জন। প্রথমে বিদ্যালয়ে কোনো ভবন ছিল না। টিনের ঘরে পাঠদান করা হতো। স্বাধীনতার পর চার কক্ষবিশিষ্ট একটি আধা পাকা ভবন নির্মাণ করা হয়। স্থান সংকুলান না হওয়ায় ২০০৫ সালে দুই কক্ষবিশিষ্ট আরও একটি ভবন নির্মিত হয়। তখন থেকে দুটি ভবনের মোট ছয়টি কক্ষে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলছে। গত ২৫ এপ্রিল ভূমিকম্পে বিদ্যালয়টির পুরোনো ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়। পরদিন ফের ভূমিকম্পে ফাটল ব্যাপক আকার ধারণ করে। এ ঘটনার পর থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ গাছতলায় পরীক্ষা নিচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, ২২ এপ্রিল থেকে সব শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়। ভূমিকম্পে পুরোনো ভবনে ফাটল দেখা দেয়। দেয়াল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। শিক্ষার্থীরা ওই ভবনে পরীক্ষা দিতে আপত্তি জানায়। এ কারণে ২৬ এপ্রিল থেকে পরীক্ষা গাছতলায় নেওয়া হচ্ছে। বিদ্যালয় ভবনটি সংস্কারের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে আবেদন করা হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী বলেন, ‘নতুন ভবনের দুটি কক্ষে সব শ্রেণির পাঠদান সম্ভব নয়। তাই পাঠদান নিয়ে আমরা বিপাকে পড়েছি। কারণ, সাময়িক পরীক্ষা গাছতলায় নিয়েছি। এরপর পাঠদান করব কোথায় তা জানি না।’
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রেজা মিয়া ও মিম আক্তার জানায়, তারা গাছতলায় এক বেলা পরীক্ষা দিয়েছে। কিন্তু বৃষ্টির হলে কীভাবে গাছতলায় খোলা আকাশের নিচে ক্লাস করবে?
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তারেক মো. রওনক আকতার বলেন, বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি উল্লেখ করে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসককেও বিষয়টি জানানো হয়েছে।