ভবনে ফাটল, গাছতলায় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ পৌরসভার নেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে শিক্ষকেরা দুটি শ্রেণির শতাধিক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে গাছতলায় পাঠদান করছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। এর একটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ১৯৯৪ সালে নির্মাণ করা হয়। এখানে কক্ষ রয়েছে তিনটি। এর একটি কক্ষে অফিস এবং অন্য দুটিতে শিক্ষার্থীদের পাঠদান করানো হতো।
বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, ওই ভবনের একটি কক্ষে গত বছর ফাটল দেখা দেয়। শ্রেণিকক্ষ-সংকটের কারণে শিক্ষকেরা ঝুঁকি নিয়ে ওই ভবনেই পাঠদান করে আসছিলেন। বিষয়টি আট মাস আগে প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালে তৎকালীন উপজেলা প্রকৌশলী বিদ্যালয় পরিদর্শন করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন। এরপর অনেকে দিন চলে গেছে। কিন্তু আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষকেরা জানান, গত রোববার ওই ভবনে তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়ার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এরপর ভবনের ফাটল আরও বেড়ে যায়। তাৎক্ষণিক শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে আনা হয়। তবে কোনো শিক্ষার্থী আহত হয়নি। শিক্ষকেরা আশঙ্কা করছেন, যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে।
গত সোমবার ওই বিদ্যালয়ে সরেজমিনে দেখা যায়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির শতাধিক শিক্ষার্থীর ক্লাস নেওয়া হচ্ছে বিদ্যালয়ের মাঠের গাছতলায়। পঞ্চম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন সহকারী শিক্ষক নিহার বানু। তিনি বলেন, ‘ভাই, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। গত রোববার যেভাবে ছাদ থেকে কক্ষের পলেস্তারা খসে পড়েছে, তাতে যে কারও প্রাণহানি ঘটতে পারত। ভাগ্য ভালো যে কক্ষের ফাঁকা জায়গায় তা পড়েছে।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমেনা খাতুন বলে, খোলা আকাশের নিচে ক্লাস করতে ভালো লাগছে না।
প্রধান শিক্ষক মাহমুদা খাতুন বলেন, ‘আট মাস আগে ঝুঁকিপূর্ণ ওই ভবনের বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কোনো সাড়া পাইনি। দেখেন, আমার মাথার ওপরে ছাদে ফাটল ধরেছে। উপায় নেই, আল্লাহর নাম নিয়ে অফিসে কাজ করছি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি এত দিন জানা ছিল না। গত সোমবার প্রধান শিক্ষক অফিসে এসে তাঁকে বিষয়টি জানিয়েছেন। বিদ্যালয় পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিদ্যালয়ের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।