ভবনে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়ের দোতলা ভবনের প্রায় প্রতিটি কক্ষে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যেই চলছে পাঠদান। যেকোনো সময় ভবনটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যালয়ের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় ১৯০৬ সালে। তখন এটির নাম ছিল সৈয়দপুর হাইস্কুল। পরবর্তী সময়ে এর নামকরণ হয় সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয়। ১৯৭১ সালে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ হন।

প্রধান শিক্ষক আনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বর্তমানে বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ২২ জন। কর্মচারী আছেন ৯ জন। শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৭০। সব মিলিয়ে কক্ষ আছে ২৪টি। সব কটিই ঝুঁকিপূর্ণ। এর মধ্যেই পাঠদান চলছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, বিদ্যালয়টি ১১০ বছর বয়সেও মাথা উঁচু করে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে গেছে। যেকোনো সময় ধসে পড়তে পারে। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সব সময়ই আতঙ্ক বিরাজ করছে। বিদ্যালয়টি সংস্কার করা দরকার।