ভবনে ফাটল বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় ভবনের স্তম্ভ ও দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান জানান, ১৯৯৫-৯৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বিদ্যালয়ের একটি পাকা ভবন নির্মাণ করে। চার-পাঁচ বছর আগেই ভবনের কলাম ও দেয়ালে ফাটল দেখা দেয়। বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে প্রায় আট শ শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে পাঠদান করাতে হচ্ছে। সর্বশেষ গত শনিবার ভবনের পশ্চিম পাশের দুটি স্তম্ভ ও ষষ্ঠ শ্রেণীর কক্ষসহ বিভিন্ন স্থানে নতুন করে ফাটল দেখা দেয়। এরপর আতঙ্কে রোববার থেকে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।অভিভাবক ধানডোবা গ্রামের শাহাদাত হোসেন জানান, ভবনের যা অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানদের নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন।গত সোমবার সরেজমিনে দেখা যায়, শিক্ষকেরা গ্রন্থাগারে বসে আছেন। শিক্ষার্থীর উপস্থিতি নেই বললেই চলে। উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান বলেন, দুই-তিন দিনের মধ্যে বিকল্প জায়গায় পাঠদান চালু করা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।